সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার নজরুল ইসলাম ঘরামি হরকাতুল জিহাদের কর্মী বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
নজরুল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের সদস্যদের অগোচরে তিনি এই পথে পা বাড়ান।
শুক্রবার নজরুলের বাড়ির পাশের পুকুর পাড় থেকেই ৪১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করার পর র্যাব তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।
নজরুলের বড়ভাই লুৎফর রহমান ঘরামি জানান, তার সঙ্গে নজরুলের অনেকদিন ধরে কোনো সম্পর্ক নেই। ২০০৫ ও ২০০৬ সালে নজরুলের পুরো পরিবার ঢাকায় চলে যায়। লুৎফর বলেন, "তখনই সে বিপথগামী হয় এবং অনেক টাকার মালিক হয়।"
নজরুলের বাড়িতে মাঝে মধ্যে অচেনা লোকদের আসতে দেখা যেত বলে জানিয়েছেন তার কয়েকজন প্রতিবেশী।
স্থানীয় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনী নজরুল ইসলাম ঘরামির কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছিল। ওই সময় সে বেশ কিছুদিন জেলহাজতেও ছিল।
তিনি আরও বলেন, অভাবী নজরুল ইসলাম বছর তিনেক সপরিবারে ঢাকায় অবস্থান করে ভাল অর্থবিত্তের মালিক হয়। বর্তমান সে নলতার 'নিউ লিমা শু' ও 'পারুলিয়া লিমা শু হাউজ' নামে দুটি জুতার দোকানের মালিক।
নজরুলের ছেলে হাবিবুর রহমান জানান, তার বাবা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও জামায়াতে ইসলামির সমর্থক।
আরেক ছেলে হাফেজ হাফিজুর রহমান জানান, হরকাতুল জিহাদ নেতারাই তার বাবাকে বিপথগামী করেছে। র্যাবের উদ্ধার করা ৪১টি আর্জেস গ্রেনেড হরকাতুল জিহাদ নেতারাই তার বাবার কাছে রেখেছিল বলে তার ধারণা।
গত বৃহস্পতিবার গভীর রাতে ১৫/২০ জন র্যাবের একটি দল নজরুল ইসলাম ঘরামির বাড়ি যায়। তখন তার ছেলে হাফিজুর রহমান তাদের নিয়ে নলতায় তাদের জুতার দোকানে অবস্থানকারী নজরুল ইসলামের কাছে নিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩০ঘ.
bdnews24