২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই কয়লা তুলতে হবে - ড. তামিম

জ্বালানি নিরাপত্তার স্বার্থেই কয়লা তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম। তার মতে, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে কয়লা কাজে লাগানো গেলে শিল্প ক্ষেত্রে গ্যাসের ব্যবহার বাড়ানো যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি নিরাপত্তার স্বার্থেই কয়লা তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম। তার মতে, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে কয়লা কাজে লাগানো গেলে শিল্প ক্ষেত্রে গ্যাসের ব্যবহার বাড়ানো যাবে। শুক্রবার 'উত্তরাঞ্চল খনিজ রিপোর্টার্স ফোরাম' এর এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাপ্তাহিক ইকোনোমিক টাইমস এ কর্মশালার আয়োজন করে। অধ্যাপক তামিম বলেন, "বর্তমান সরকারের সময়ই কয়লা নীতি চূড়ান্ত করা হবে। কয়লা উত্তোলন পদ্ধতি নির্ধারণ করা হবে ভূতাত্ত্বিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করে।" তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়া বিশ্বের আর কারো ৫০ বছরের জ্বালানি নিরাপত্তা নেই। আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল স্থানীয় উৎসের ওপর নির্ভর করলে চলবে না। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ের সম্ভব্য উৎস অনুসন্ধান করে তা পাওয়া নিশ্চিত করতে হবে।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "বর্তমানে চট্টগ্রাম ছাড়া দেশের অন্য কোথাও গ্যাস সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না। চট্টগ্রামে এখন চাহিদার তুলনায় গ্যাস ঘাটতির পরিমাণ দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট। এ সমস্যা নিরসনে কাজ চলছে। সঙ্কট কাটাতে ৬ থেকে ১২ মাস সময় লাগবে।" সাপ্তাহিক ইকনোমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব কামরুল ইসলাম সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খানিজ সম্পদ বিভাগের শিক্ষক চৌধুরী কামরুজ্জামান, মাসিক সাময়িকি 'এনার্জি এন্ড পাওয়ার' এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, উত্তরাঞ্চল খনিজ রিপোর্টার্স ফোরামের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক 'এখন' এর সম্পাদক আতাউস সামাদ, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান। দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার ৮ উপজেলার ৫১ জন সাংবাদিক দুই দিনের এ কর্মশালায় অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৫০১ ঘ.