ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন এবং তার স্ত্রীসহ তিনজনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার মামলায় বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। মামলার অপর অভিযুক্ত হচ্ছেন অ্যাডভোকেট মো. মোজাহেদুল ইসলাম।
এর আগে গত ১২ ফেব্র"য়ারি একই বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছিলেন। কিন্তু তাদের গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নাসিরউদ্দিন আহমেদ গত বছরের ৩ অক্টোবর জাহিদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
গত ৭ ফেব্র"য়ারি আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে মিথ্যা তথ্য দেওয়ায় জাহিদ দম্পতিকে সহযোগিতা করার অভিযোগে আইনজীবী মোজাহেদুল ইসলামকেও আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কমিশনে ডা. জাহিদ হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ১৪ লাখ টাকার সম্পদের হিসাব গোপন করা হয়। এছাড়া তিনি এক কোটি ৬০ লাখ ৯১ হাজার ২৩৭ টাকার সম্পত্তি অবৈধভাবে উপার্জন করেছেন। এতে সহায়তা করেছেন তার স্ত্রী রিফাত হোসেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব জাহিদ হাসান জরুরি অবস্থা জারির পর থেকে পলাতক রয়েছেন। সন্দেহভাজন 'দুর্নীতিবাজদের' যে দ্বিতীয় তালিকা দুর্নীতি দমন কমিশন প্রকাশ করেছিল, তাতে জাহিদ হোসেনের নাম রয়েছে। তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে চিকিৎসা খাতে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24