চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার আবু সালেহ মো. মোফাজ্জল হকসহ তিন পুলিশকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
কোতয়ালি থানা পুলিশ দুই দিনের রিমান্ড শেষে পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি), তার দেহরক্ষী কনস্টেবল এহসানুল ইসলাম ও গাড়ির চালক আব্দুর রউফকে বেলা ১২টার দিকে মহানগর হাকিম কাজী আব্দুল হাসিব মো. সাঈদের আদালতে হাজির করে। এ সময় শ'পাচেক জনতা তিন পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
শনিবার গভীর রাতে নগরীর মেহেদীবাগের আমিরাবাদ এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির অভিযোগে রোববার রাতে সহকারী পুলিশ কমিশনার আবু সালেহ মো. মোফাজ্জল হক, তার দেহরক্ষী কনস্টেবল এহসানুল ইসলাম ও গাড়ির চালক আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ ফরিদ বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, শুনানি শেষে মহানগর হাকিম বিকেলে তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় এসি ও দুই পুলিশ কনস্টেবল মেহেদীবাগের ব্যবসায়ীর বাসায় শনিবার রাতে গিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা স্বীকার করেছে। তাই নতুন করে আর রিমান্ডের প্রয়োজন নেই।"
তিনি জানান, উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার এবং আসামিদের স্বীকারোক্তিতে ডাকাতির ঘটনা প্রমাণিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এসএনডি/২১০৩ ঘ.
bdnews24