ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন বন্ধ থাকার পর ভারত থেকে বেসরকারি পর্যায়ে চাল আমদানি আবার শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন বন্দর দিয়ে চালবাহী ট্রাকগুলো বাংলাদেশে ঢুকতে শুরু করে।
দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে বুধবার চাল নিয়ে ১০২টি ট্রাক বাংলাদেশে ঢুকেছে।
হিলি বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেড এর পরিচালক (প্রশাসক) রফিকুল ইসলাম জানান, বুধবার সারাদিনে ২ হাজার ১০৭ টন চাল ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে।
হিলির কাস্টমস কর্মকর্তারা জানান, সারাদিনে ১০২টি ট্রাক চাল নিয়ে বাংলাদেশে আসে।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার কাজী মাহমুদুল হাসান জানান, ন্যূনতম ৫০০ ডলারে খোলা ঋণপত্রের চাল ভারতীয় কর্তৃপক্ষ বুধবার থেকে ছেড়ে দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার অরুণ কুমার বিশ্বাস জানান, বুধবার দুপুর থেকে এ বন্দর দিয়ে ভারতে থেকে আসা চালবাহী ট্রাকগুলো ঢুকতে শুরু করে। বিকাল ৪টা নাগাদ ৩০টি ট্রাকে ৫০০ মেট্রিক টন চাল এসেছে। আরও ট্রাক অপেক্ষায় রয়েছে।
আমদানিকারকরা জানিয়েছেন, স্থলবন্দরের ভারতীয় প্রান্তে মালদা জেলার মোহদীপুরে শতাধিক ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে। এছাড়া রোহনপুর রেল বন্দর দিয়ে ৩০ ওয়াগনভর্তি ১ হাজার ৬৬৫ টন চাল এসেছে।
যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়েও চাল আসতে শুরু করেছে বলে বন্দরের শুল্ক বিভাগের কার্গোর শাখার সুপারিনটেন্ডেন্ট দিদারুল আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় জানান, বুধবার সারাদিনে ২৯৫টি চালবাহী ট্রাক বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এর মাধ্যমে ৬ হাজার ৫৫৮ টন চাল এসেছে।
তিনি আরও জানান, এছাড়াও আরও ট্রাক চাল নিয়ে আসার অনুমতি (গেট পাস) নিয়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে সন্ধ্যা পর্যন্ত ২২৫ ট্রাক চাল এসেছে বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা সফিউর রহমান।
ভোমরার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ রাজু জানান, চালভর্তি আরও আড়াইশ ট্রাক ভোররার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে পারের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এসব ট্রাক বাংলাদেশে ঢুকতে পারে।
৭ ফেব্র"য়ারি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে কলকাতার কাস্টমস কমিশনার (প্রিভেন্টিভ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চাল রপ্তানি বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার ভারতের রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারত সরকারের বৈঠকের পর শর্ত সাপেক্ষে চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এদিকে সরকারি পর্যায়ে চাল আমদানির ব্যাপারে বাংলাদেশ-ভারত ঐকমত্য হয়েছে। আগামী ৭৫ দিনের মধ্যে ভারত এই চাল রপ্তানি করবে। এই চালে দর স্থির করা হয়েছে প্রতিটন ৩৯৯ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৮ ঘ.
bdnews24