নাটোর, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামে ডাকাতি শেষে পালানোর সময় পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ। ডাকাতদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে মনিহারপুর গ্রামের প্রকৌশলী বিপুল কুমার সরকারের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। ওই সময় ২৫/৩০ জন ডাকাত ওই বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে।
ওসি আব্দুল হামিদ জানান, ডাকাতির খবর পেয়ে লালপুরের পাশে রাজশাহীর বাঘা উপজেলার ফতেপুর এলাকায় লালপুর ও বাঘা থানার পুলিশ একযোগে ডাকাতদের আটকের চেষ্টা করে। গ্রামবাসীও পুলিশকে সহায়তায় এগিয়ে আসে। ওই সময় ডাকাতরা গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল পদ্মার চর দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য মোমিনের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ জানান। এছাড়া আহত ডাকাত সাইদুরকে (৩২) বাঘা হাসপাতালে এবং ইসলামকে (৩৫) লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বুধবার সকালে সাইদুর মারা যায়।
সকালে ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি হামিদ জানান, ডাকাতদের সঙ্গে সংঘর্ষে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক, বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর, প্রকৌশলী বিপুল কুমার সরকার, তারাপদ সরকার, অর্জুন সরকার, অনিমা সরকার, সনাতন, মজিবুর, মখলেছ, খোদাবক্সসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের লালপুর ও বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ডাকাত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আরব মোল্লার ছেলে। অপর নিহত ডাকাত মোমিন একই জেলা ও থানার নতুনচর গ্রামের জামিলুর রহমানের ছেলে। তারা স্থানীয়ভাবে ৪০ বাহিনীর সদস্য হিসাবে পরিচিত।
আব্দুল হামিদ জানান, প্রকৌশলী বিপুল কুমারের বিয়ের অনুষ্ঠানকে ঘিরেই ডাকাতরা ডাকাতির পরিকল্পনা করেছিল। এ ঘটনায় লালপুর ও বাঘা থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫২ ঘ.
bdnews24