সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ।
শনিবার সিলেটের গোয়াইনঘাট থানার নতুন ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বলেন, "জনগণকে প্রত্যাশিত সেবা দেওয়াই পুলিশের কাজ। এখন সব জায়গায় পরিবর্তন এসেছে। পুলিশ বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। মানুষ বিপদগ্রস্ত হয়ে পুলিশের কাছে আসে। তাই পুলিশের সেবার মান বাড়াতে হবে।"
তিনি বলেন, "পুলিশের পাশাপাশি জনগণকেও অপরাধ দমনের দায়িত্ব নিতে হবে। ছোটখাটো বিষয়, জমি নিয়ে বিরোধ, ইত্যাদি স্থানীয়ভাবে নিষ্পত্তি করতে হবে।"
জনসাধারণের আবেদন-নিবেদন, অপরাধ সংশ্লিষ্ট বিষয় পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে নূর মোহাম্মদ বলেন, "জনগণের জানমাল রক্ষা পুলিশের কাজ। এ বিষয়ে পুলিশ সদস্যদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।"
কোনও পুলিশ কর্মকর্তার দ্বারা কারও কোন ক্ষতি হলে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে বলে আইজিপি জানান।
গোয়াইনঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের উপমহাপরিদর্শক আব্দুস সালাম পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদ পিপিএম, সিলেটের পুলিশ সুপার এস এম রুহুল আমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৭ ঘ.
bdnews24