ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হয়েছে। বেশ কয়েকটির কাজও চলছে।"
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠকে বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলো এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়। বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কেন্দ্রগুলোর কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিদ্যুৎ সচিব জানান, গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে গড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন আরও বেড়ে যাবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছর সরকারি উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ৩০৯ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। বেসরকারি উদ্যোগে আসবে ৬১০ মেগাওয়াট। সব মিলিয়ে এ বছরের শেষ নাগাদ ৯২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের তালিকা প্রণয়ন করেছে বিদ্যুৎ বিভাগ।
সরকারি কেন্দ্রগুলোর মধ্যে ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে মার্চে উৎপাদন শুরু হবে। এর উৎপাদন ক্ষমতা ৬৬ মেগাওয়াট। একই কেন্দ্রে ৩৩ মেগাওয়াটের আরেকটি ইউনিট চালু হবে জুন মাসে। সিদ্ধিরগঞ্জে ২৪০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু হবে এ বছরের নভেম্বর মাসে।
বেসরকারি উদ্যোগে ভাড়া বিদ্যুৎ কেন্দ্র হিসাবে বগুড়ায় ২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কাল এ বছরের মার্চ। তিন বছর মেয়াদি ছয়টি ভাড়া বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৫০ মেগাওয়াট উৎপাদন শুরু হবে মে মাস নাগাদ। ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিসেম্বর নাগাদ আসবে ২২০ মেগাওয়াট। একই সময়ের মধ্যে ১৫ বছর মেয়াদি ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ১৪০ মেগাওয়াট উৎপাদন শুরু হবে।
গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ৩০০-৫০০ মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বৃহস্পতিবার ৫২০ মেগাওয়াট কম উৎপাদিত হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, চট্টগ্রামের রাউজান বিদ্যুৎ কেন্দ্র থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বর্তমানে এর উৎপাদন ক্ষমতা ৩৬০ মেগাওয়াট। শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার কোনও বিদ্যুৎ উৎপাদন হয়নি। এখান থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। ঘোড়াশাল ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ৬১০ মেগাওয়াট। ময়মনসিংহ আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ১৪৭ মেগাওয়াট। এর উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এমএ/১৭০০ঘ.
bdnews24