ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপ লাইন মেরামতের পর সোমবার সকাল ১১টার পর থেকে রাজধানীতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ শুরু হয়েছে। পাশাপাশি বন্ধ থাকা তিনটি বিদ্যুৎ কেন্দ্রও চালু হয়েছে।
সোমবার বিকেলে তিতাসের ব্যবস্থাপক (জনসংযোগ) মুনীর হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত সময়ের আগেই সকাল ১১টায় পাইপলাইন মেরামত কাজ শেষ হয়। এরপরই স্বাভাবিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে।"
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড শনিবার মধ্যরাত থেকে বাখরাবাদ-ডেমরা ২০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন মেরামতের কাজ শুরু করে। সোমবার রাত ১২টার মধ্যে কাজ শেষ করার সময়সীমা থাকলেও ১৩ ঘণ্টা আগেই সকাল ১১টায় কাজ শেষ হয়।
পাইপলাইন মেরামতের কারণে গ্যাস সরবরাহ না থাকায় ঘোড়াশাল, হরিপুর এনইপিসি ও হরিপুর পিডিবি বিদ্যুৎ কেন্দ্র শনিবার রাত থেকে বন্ধ ছিল। সোমবার দুপুর নাগাদ তিনটি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে বলে বিদ্যু উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/২২১৭ ঘ.
bdnews24