২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকদের সঙ্গে ডোনাল্ড ক্যাম্পের নৈশভোজে

যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্যাম্প সোমবার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাতের খাবার খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্যাম্প সোমবার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাতের খাবার খান। নৈশভোজে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শীর্ষ ব্যবসায়ীরাও যোগ দেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি তার গুলশানের বাসায় ডোনাল্ড ক্যাম্পের সম্মানে এ ভোজের আয়োজন করেন। ভোজ শুরুর আগে ডোনাল্ড ক্যাম্প রাজনীতিকসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপির দুই অংশের নেতারাই ভোজে যোগ দেন। বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। এটি একটি নৈশ ভোজ ছিল।'' রাজনৈতিক নেতাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, আসাদুজ্জামান নূর; বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আবদুর রাজ্জাক প্রমুখ । এ ছাড়াও ছিলেন সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার নওশাদ জমির, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম। কয়েকটি দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরাও ছিলেন ভোজ সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এমএইচবি/২১১৫ ঘ.