চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে সোমবার মিছিল ও মানববন্ধন হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে 'আমরা ফটিকছড়িবাসী ও চট্টগ্রামবাসী' ব্যানারে
শতাধিক যুবক চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে। এরপর ঝটিকা
মিছিল করেই তারা স্থান ত্যাগ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মুখে কালো কাপড় বাধা ছিল। মিছিল থেকে তারা শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তি দাবি করে।
মানববন্ধন শেষে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মিছিলকারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানায়, অবিলম্বে শেখ হাসিনা ও খালেদা জিয়ার পাশাপাশি সব রাজবন্দীর মুক্তি এবং জরুরি অবস্থা প্রত্যাহার তাদের দাবি। দ্রব্যমূল্য বৃদ্ধিরও প্রতিবাদ জানায় তারা।
অবিলম্বে এসব দাবি মেনে নেয়া না হলে চট্টগ্রামে 'বৃহত্তর আন্দোলন' গড়ে তোলার কথা সাংবাদিকদের জানায় জরুরি অবস্থার মধ্যে মিছিলকারী ওই যুবকরা।
মিনিটসাতেকের মধ্যেই বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে তারা মিছিল সহ জামাল খান সড়ক প্রদক্ষিণ করে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৩৫৬ঘ.
bdnews24