২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে গ্যাস আমদানির কথা ভাবছে সরকার

ঘাটতি মোকাবেলায় সরকার মিয়ানমার থেকে গ্যাস আমদানির কথা ভাবছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাটতি মোকাবেলায় সরকার মিয়ানমার থেকে গ্যাস আমদানির কথা ভাবছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম। রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকার এ ব্যাপারে মিয়ানমারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে পারে। তিনি বলেন, "২০০৯ সালের মধ্যে কীভাবে গ্যাস ঘাটতি কাটিয়ে ওঠা যায় তা নিয়ে ভাবছি আমরা। এ জন্য নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান বা আমদানি করতে হবে। এক্ষেত্রে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়টি আমরা ভেবে দেখছি। হয়তো প্রস্তাবও দেব।" অধ্যাপক তামিম জানান, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ১৮৩৩ মিলিয়ন ঘনফুট। আর উৎপাদন হচ্ছে ১৭৩৮ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিনের ঘাটতির পরিমাণ ৯৫ মিলিয়ন ঘনফুট। তিনি বলেন, মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দেয়া হলে দুই দেশের মধ্যে একটি পাইপ লাইন স্থাপন করতে হবে। এতে অন্তত অবকাঠামোগত উন্নয়ন হবে। তেল গ্যাস অনুসন্ধানের জন্য তৃতীয় দফা বিডিংয়ের বিষয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে এ ব্যাপারে আলোচনা করা হবে। সময়ের অভাবে সর্বশেষ বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি। তিতাস গ্যাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে। দুর্নীতি বন্ধের জন্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও এ ধরনের দুর্নীতি বিরোধী অভিযান চালানো উচিত বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/১৮৪৯ ঘ.