কক্সবাজার, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন তার গাড়িচালক।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে চকরিয়ার আজিজ নগরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসিনা আহমেদের তথ্যসচিব ইকরাম চৌধুরী টিপু।
বিএনপির হাসিনা আহমেদ চারদলীয় জোটের মনোনয়নে ২৯ ডিসেম্বরের নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্ত্রী। সালাহউদ্দিন দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
ইকরাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসিনা আহমেদ সকালে জিপে চড়ে পেকুয়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে চকরিয়ার আজিজ নগর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িচালক আব্দুর রহমান (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন হাসিনা আহমেদ।"
দুর্ঘটনায় গাড়িতে থাকা হাসিনার সহকারী হেনাউল ইসলাম বাবুল এবং মোহাম্মদ ছফওয়ানুল করিমও আহত হন। তাদের সবাইকে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. মুনির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসিনা আহমেদ হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। তবে তা গুরুতর নয়। তিনি আশঙ্কামুক্ত।
এদিকে সাংসদের সচিব ইকরাম জানান, হাসিনা আহমেদকে চট্টগ্রাম অথবা ঢাকার কোনও হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৩ ঘ.
bdnews24