২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০০৯ সালের কার্যকরী কমিটির নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০০৯ সালের কার্যকরী কমিটির নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জরুরি অবস্থা ও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে ২০০৮ সালে কার্যকরী কমিটির নির্বাচন হতে পারেনি। নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্য অধ্যাপক অমল কৃষ্ণ হালদার মঙ্গলবার সাংবাদিকদের জানান, "ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার যথাসময়ে নির্বাচন হবে।" শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমিতির গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জানুয়ারিতে নতুন কমিটির কাছে দায়িত্ব অর্পণ করার কথা। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে ২০০৮ সালের জন্য সমিতির কার্যকরী কমিটির নির্বাচন হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।" এ বছর সাদা দলের (বিএনপি-জামায়াত) হয়ে সভাপতি পদের জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নীল দলের (আওয়ামী লীগ ও বামপন্থী) হয়ে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন । এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ফজলে এলাহী। সমিতির ভোটার সংখ্যা প্রায় ১২শ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২২১১ঘ.