২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ফল

বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের বিষয়টি মঙ্গলবারের আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশেষ স্থান করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের বিষয়টি মঙ্গলবারের আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশেষ স্থান করে নিয়েছে। বিবিসি অনলাইন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার কথা উল্লেখ করে বিবিসি অনলাইন শিরোনাম করেছে, "হাসিনা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা পেলেন।" বিবিসি লিখেছে, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে। প্রায় পুরো ফল প্রকাশের পর নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ৩০০ আসনের পার্লামেন্টে আওয়ামী লীগ তিন-চতুর্থাংশেরও বেশি আসনে বিজয়ী হয়েছে। শেখ হাসিনার চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খালেদা জিয়া কোনোমতে এক দশমাংশ আসন পেয়েছেন।" সিএনএন সিএনএন এর আন্তর্জাতিক সংস্করণে শিরোনাম করা হয়েছে, "আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন জিতলো"। সিএনএন লিখেছে, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে গত সাত বছরের মধ্যে প্রথম নির্বাচনে পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে প্রায় ২৩০টি আসনে জয়লাভ করে বিশাল বিজয় পেয়েছে।" রয়টার্স বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, "হাসিনা বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেন"। সংস্থাটি লিখেছে, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন একটি জোট গত সাত বছরের মধ্যে দেশটির প্রথম নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনী কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল অনিয়মের অভিযোগ এনেছে।" আলজাজিরা আলজাজিরা ইংলিশ অনলাইন শিরোনাম করেছে, "বাংলাদেশের নির্বাচনে হাসিনার জয়জয়কার।" এএফপি বার্তা সংস্থা এএফপি শিরোনাম করেছে, "বাংলাদেশের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল বিজয়। এপি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা 'এপি' শিরোনাম করেছে, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন জিতলেন।" নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, "বাংলাদেশের নির্বাচনে ধর্মনিরপেক্ষ দলের বিজয়।" পত্রিকাটি লিখেছে, "দু'বছরের সেনা সমর্থিত জরুরি শাসনের পর মঙ্গলবারের ঘোষিত নির্বাচনী ফলাফলে ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগের বিপুল বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এল।" খালিজ টাইমস মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক খালিজ টাইমস শিরোনাম করেছে, "বাংলাদেশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন হাসিনা।" পত্রিকাটি লিখেছে, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট বাংলাদেশে গত সাত বছরের মধ্যে প্রথম নির্বাচনে পার্লামেন্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বেসরকারি ফলাফলে একথা জানা গেছে। তবে একটি প্রতিদ্বন্দ্বী দল অনিয়মের অভিযোগ এনেছে।" একইসঙ্গে পত্রিকাটি লিখেছে, "বিশেষজ্ঞরা বলছেন এটা বোঝা যাচ্ছে না যে, বিজিতরা ফলাফল মেনে নেবে, নাকি তাদের সমর্থকদের রাজপথে নামিয়ে বিক্ষোভ শুরু করবে।" টাইমস অব ইন্ডিয়া ভারতের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, "হাসিনা বাংলাদেশের নির্বাচনে বিপুল জয় পেলেন"। হিন্দুস্তান টাইমস এ রিপোর্ট লেখা পর্যন্ত অনলাইনে হিন্দুস্তান টাইমস এর শিরোনামটি ছিল, "হাসিনার জোট ২৫৮ আসন পেল বাংলাদেশের নির্বাচনে"। পত্রিকাটি লিখেছে, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুবছরের জরুরি অবস্থা শেষে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম সাধারণ নির্বাচনে বিস্ময়কর মহাবিজয় পেয়েছে।" আনন্দবাজার পত্রিকা ভারতের অন্যতম শীর্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, "ও-পার বাংলায় দিন বদল"। পত্রিকাটি লিখেছে, " 'নৌকার' গণজোয়ার- এ খড়কুটোর মতো উড়ে গিয়েছে 'ধানের শিস'।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১৯৫৬ঘ.