ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের পর সোমবার রাত ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান হামলা-সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। দুজনই নিহত হয়েছেন পাবনায়। নিহতদের দলীয় কর্মী দাবি করে ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে স্থানীয় বিএনপি। (আরও তথ্যসহ)
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি সমর্থক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা হয়েছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক পল্লীতে হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আমিনীর সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালী হামলা হয়েছে বিএনপি সমর্থকদের ওপর। তবে এ হামলা রাজনৈতিক নয় বলে জানিয়েছে পুলিশ।
পাঁচ জেলায় এ সব হামলায় ঘর-বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি লোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, সদর ও সুজানগর উপজেলায় নির্বাচনী সহিংসতায় দুই বিএনপিকর্মী নিহত হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের শাহাবুদ্দিন ওরফে সাহেব আলী (৩৫) এবং সুজানগরের উদয়পুর গ্রামের টোকাই মিয়া (৪১)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল গোহাইল বাড়ি গ্রাম অতিক্রম করার সময় বিএনপির এক সমর্থক তাকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এনিয়ে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সমর্থক শাহাবুদ্দিন, নজরুল ইসলাম, আলাউদ্দিন, এবং আওয়ামী লীগ সমর্থক ময়েন উদ্দিন ও আনোয়ার হোসেনসহ ১৫ জন আহত হয় বলে পুলিশ জানায়।
এর মধ্যে শাহাবুদ্দিনকে পাবনা সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
সংঘর্ষের সময় তিনটি ঘরে আগুন দেওয়া হয় বলে ওসি ইকবাল শফি জানান।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উদয়পুর গ্রামে বিএনপি সমর্থক আবুল কালাম আজাদ ও তার ভাই টোকাই মিয়ার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ওই সময় পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় টোকাই মিয়া।
আবুল কালামকে পিটিয়ে আহত করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে সুজানগরের মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাইকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বলে পুলিশ কর্মকর্তা আজিজুল জানান।
গুরুতর আহত হাইকে ঢাকায় পাঠানো হয়েছে।
পাবনা জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা এই সব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
তবে আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক বিরোধ নয়, স্থানীয় কোন্দলের জের ধরে ওই ঘটনাগুলো ঘটেছে।
২৯ ডিসেম্বরের নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোরে মোরেলগঞ্জের তেলিগাঁতি ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা গ্রামে ইউপি সদস্য, বিএনপি নেতা খান আবুল কালামের বাড়িতে হামলা হয়েছে।
হামলায় আহতরা হলেন- তেলিগাঁতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান আবুল কালাম (৪৫), তার স্ত্রী হাসিনা বেগম (৩৮), ছেলে রানা (১৮), আবুল কালামের ভাই ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খান (৫০), তার স্ত্রী নাজমা (৪০) ছেলে রিপন খান (২০), ছোটভাই জাকির খান (৩৩)।
আহতদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে গুরুতর অবস্থায় আবুল কালাম ও রফিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খান আবুল কালাম সাংবাদিকদের বলেন, "সংসদ নির্বাচনে চারদলীয় জোট প্রার্থীর পক্ষে কাজ করায় আমাদের ওপর হামলা হয়। আওয়ামী লীগ সমর্থক ২০/২৫ জন ওই হামলা চালায়।"
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান খান তারিকুল ইসলাম ঝন্টু বলেন, "পূর্ব শত্র"তার জের ধরেই ওই হামলা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।"
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক দিবাকর চন্দ্র দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।
বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) নবনির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তালুকদার আহতদের দেখতে সকালে বাগেরহাট সদর হাসপাতালে যান।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগান শ্রমিক পল্ল
bdnews24