ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনের ফলাফল সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে নতুন সাংসদদের শপথ অনুষ্ঠিত হবে। এর পরপরই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
মঙ্গলবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নতুন সরকার গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে।''
আনোয়ারুল ইকবাল জানান, তিন থেকে ৭ দিনের মধ্যে গেজেট প্রকাশ হয়ে থাকে। "সেই হিসেবে ৭ থেকে ১০ দিনের বেশি দেরি করার কোনো সুযোগ নেই।"
সোমবার অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৬২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
নির্বাচন অনুষ্ঠান ও ফলাফল বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন,' 'দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ভোটাররা যাকে ভালো মনে করেছে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এটা শুভ দিক।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/এমএইচবি/১৩১১ ঘ.
bdnews24