চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তাকে শনিবার প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার নিহাররঞ্জন হাওলাদার ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম।
পুলিশ সুপার এএসএম মাহফুজুল হক মোহাম্মদ নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহাররঞ্জন হাওলাদার ও হাফিজুল ইসলাম শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের হাসান সরদারের বাড়িতে একটি মামলার তদন্তে যান। তদন্ত শেষে ওই বাড়ি থেকে বের হলেই ঢাকার পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল তাদের ঘুষ গ্রহণের অভিযোগে আটক করে। তাদের কাছ থেকে ঘুষের টাকাও উদ্ধার করা হয়।
তবে কত টাকা উদ্ধার করা হয়েছে সে ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৪০ ঘ.
bdnews24