দিনাজপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুরা মোড়ে শনিবার রাতে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
নিহতদের সবাই ট্রাক্টর আরোহী এবং শ্রমিক। এরা হলেন-কাহারোল উপজেলার মুকন্দপুর ইউনিয়নের রামপুরা গ্রামের আলাউদ্দিনের ছেলে জাকির (২৩), একই গ্রামের তফিল উদ্দিনের ছেলে রবিউল (১৬), আবুল কালামের ছেলে শাহ আলম (১৭), দুলাল হোসেনের ছেলে শাহিন (১৫) ও আব্দুল হাকিমের ছেলে আরিফ (২২)।
আহতদের মধ্যে ১৮ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী রুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত ৭টার দিকে রামপুরা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর দুটোই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ওসি জানান, দুর্ঘটনায় ট্রাক্টরে থাকা পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের সবাই বাসযাত্রী। এদের মধ্যে পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩ জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টর পুলিশ হেফাজতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24