২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসিতে হচ্ছে সমন্বয় সেল

নবম জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশনে (ইসি) চালু হচ্ছে 'আইন শৃঙ্খলা রক্ষাকারী সমন্বয় সেল'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশনে (ইসি) চালু হচ্ছে 'আইন শৃঙ্খলা রক্ষাকারী সমন্বয় সেল'। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে এ সেল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করবে। তিনি জানান, নির্বাচন পূর্ব, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কমিশনকে অবগত করা; আইন-শৃঙ্খলা সংস্থার সদস্যদের অবস্থান ঠিক করে তাদের নির্দেশনা প্রদান; ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সমন্বয় সাধন; ব্যালট পেপারসহ নির্বাচনী মালামালের নিরাপত্তা বিধান, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের সমন্বয় করাই হবে এই সেলের কাজ। ইসি সচিবালয়ের যুগ্মসচিবের (প্রশাসন) নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সশস্ত্রবাহিনী বিভাগের লে. কর্নেল/মেজর, অতিরিক্ত ডিআইজ/এসপি, বিডিআর-এর লে. কর্নেল/মেজর, র‌্যাবের উপ পরিচালক/এসপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি/এডিশনাল এসপি পর্যায়ের একজন করে কর্মকর্তা এই সেলে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২২৫৫ ঘ.