ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের প্রত্যন্ত এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট এবং জেনারেল ইলেকট্রিক (জিই) হেলথ কেয়ার চুক্তিবদ্ধ হয়েছে।
সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনুস বলেন, "স্বাস্থ্য সেবাকে মানুষের সাধ্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বাধাগুলো রয়েছে সেগুলোকে বিবেচনা করেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। যেন সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্য সেবার প্রযুক্তিগত উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। তবে এখান থেকে কেউ কোনও মুনাফা নিতে না পারে সেটা খেয়াল রাখা হবে।"
ড. ইউনুস জানান, তাদের ৬৫টি স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকলেও তা দিয়ে 'কোনও কুল কিনারা' করা যাচ্ছে না।
"এ জন্য আমাদের বড় কিছু করতে হবে। এজন্য রোগ নির্ণয়ের যন্ত্রপাতি প্রয়োজন। কারণ শুরুতেই রোগ নির্ণয় করা সম্ভব হলে সব রোগেরই চিকিৎসা সম্ভব", বলেন শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।
স্বাস্থ্য খাতে বাংলাদেশে অনেক অগ্রগতি হয়েছে অভিমত দিয়ে ইউনূস বলেন, বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে। এটাকে আরও ওপরে নিতে হবে।
ড. ইউনুস বলেন, "দেশে একটি উন্নতমানের মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের চিন্তাভাবনা রয়েছে। এ জন্য মেয়ো ক্লিনিকের (যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান) সঙ্গে আলোচনা করছি। এটা এখনও চূড়ান্ত হয়নি।"
নার্সিং ইন্সটিটিউট ও টেকনোলজিস্ট প্রশিক্ষণ কেন্দ্রও স্থাপন করা হবে বলে বলে জানান গ্রামীণ ব্যাংক প্রধান।
সহ উদ্যোক্তা জিই হেলথ কেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ইশরাক বলেন, "যৌথ উদ্যোগে গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে শুধু মাতৃস্বাস্থ্য সেবা দেওয়া হবে। এর পরই শুরু হবে শিশু স্বাস্থ্য সেবা। পর্যায়ক্রমে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে।"
জিই হেলথ কেয়ারের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভি রাজাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৪৫ঘ.
bdnews24