২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে প্রস্তাবিত জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ প্রত্যাহারের দাবি

আবারও অবিলম্বে প্রস্তাবিত জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮ প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আবারও অবিলম্বে প্রস্তাবিত জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮ প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিচারকদের সংগঠনটি আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের অপসারণ করে তার স্থানে বিচার ক্যাডারের কর্মকর্তা দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছে। শনিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এসব দাবি জানানো হয়। সভায় জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮ প্রত্যাহারসহ অন্যান্য দাবি না মানা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং কর্মবিরতি, কালো ব্যাজ ধারণসহ আন্দোলনের প্রস্তুতি গ্রহণের জন্য বিচারকদের প্রতি আহবান জানানো হয়। সভার সিদ্ধান্তে আইন অমান্য করে জেলা জজ ছাড়া অন্য কোন ব্যক্তিকে সলিসিটর নিয়োগ দেওয়া যাবে না বলে দাবি করা হয়। এ ধরণের নিয়োগ বাতিলেরও দাবি জানানো হয়। এছাড়া বিচারকদের বেতন ভাতা অবিলম্বে বৃদ্ধির দাবি করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল গফুরের সভাপতিত্বে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ সভা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ গোলাম মর্তুজা মজুমদার, ঢাকা মহানগর দায়রা জজ আ ন ম বশির উল্লাহ, মৌলভী বাজারের জেলা জজ জহুরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮১৮ঘ.