ঢাকা ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্যাতিতদের সহায়তায় 'ভিকটিম সাপোর্ট সেন্টার' চালু করবে পুলিশ। দশটি বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় এই সেবা কার্যক্রম চলবে।
এসব সেন্টারের অন্যতম কাজ হবে ধর্ষণ, পাচার ও অন্যান্য অপরাধের শিকার নারীদের সব ধরণের সেবা দেওয়া।
প্রথম সেন্টারটি স্থাপিত হবে ঢাকার তেজগাঁও থানায়।
পুলিশ সংস্কার কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার মীরপুরের পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ ও দশটি এনজিওর মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পুলিশের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত আইজিপি নব বিক্রম কিশোর ত্রিপুরা।
নব বিক্রম ত্রিপুরা জানান, অপরাধের শিকার হওয়াদের সহায়তার জন্যে পুলিশ বিভাগ প্রথমবারের মতো একটি বিশেষায়িত সেন্টার স্থাপন করতে যাচ্ছে। এই সেন্টারের মাধ্যমে ভিকটিমকে মনস্তাত্ত্বিক কাউন্সেলিং এবং আইনগত সহায়তা দেওয়া হবে।
এই সেন্টারে এলেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট এনজিওগুলোর সঙ্গে যোগাযোগ করা যাবে। তারা ভিকটিমের প্রয়োজন অনুযায়ী আইনানুগ সকল ব্যবস্থা নেবে। সার্বক্ষণিকভাবে একজন নারী কর্মকর্তা সেন্টারে উপস্থিত থাকবেন।
সাপোর্ট সেন্টারে পুলিশের সঙ্গে আইন ও শালিস কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েশন ফর কারেকশন অ্যান্ড স্যোসাল রেক্লেমেশন, অপরাজেয় বাংলাদেশ, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, বাংলাদেশ ন্যাশনাল ওমেন ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ঢাকা আহসানিয়া মিশন ও মেরী স্টোপস কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এসকে/২২৪৭ঘ.
bdnews24