ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ মাস ৬ দিন জরুরি অবস্থা জারি থাকার পর বুধবার থেকে তা পুরোপুরি উঠে গেল। বাংলাদেশের ইতিহাসে আর কখনো এত দীর্ঘ সময় জরুরি অবস্থা থাকেনি।
চরম রাজনৈতিক সঙ্কটের মুখে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থার এই সময়ে সভা-সমাবেশ, চলাফেরাসহ বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো স্থগিত ছিল।
মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় জরুরি অবস্থা প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
এতে বলা হয়, সংবিধানের ১৪১ক (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করে রাষ্ট্রপতি জরুরি অবস্থা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে 'জরুরি ক্ষমতা রহিতকরণ অধ্যাদেশ ২০০৮' এবং জরুরি অবস্থা প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
২০০৬ এর শেষভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা-সংঘাত-অনিশ্চয়তার অবসান হয় ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতার পালাবদল ও জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে। ১১ জানুয়ারি রাতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করেন।
ইয়াজউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ভাষণে বলেন, "আমি রাষ্ট্রপতি পদের অতিরিক্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়ায় যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা আজ দেশ ও জাতিকে দুটি বিপরীতমুখী ধারায় বিভক্ত করেছে। দেশের প্রগতি ও অগ্রগতির স্বার্থে এ বিতর্কের অবসান বাঞ্ছনীয়।"
রাষ্ট্রপতির এ ভাষণের সুর তার আগের কিছুদিনের অবস্থানের একেবারেই ভিন্ন মেরুতে থাকায় তা দেশে বিস্ময়ের সঞ্চার করেছিল।
১২ জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ফখরুদ্দীন আহমদ। ১৮ তারিখের মধ্যে দশজন নতুন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়। ১৩ জানুয়ারি জরুরি ক্ষমতা অধ্যাদেশ জারি করে ২৬ তারিখে রাজনৈতিক অধিকার নিয়ন্ত্রণ করে জরুরি বিধিমালা জারি করা হয়।
সেনাসমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার তাৎক্ষণিক বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেয়। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ বিপুলসংখ্যক রাজনৈতিক নেতাকে কারাগারে পাঠানো হয় দুর্নীতির অভিযোগে। চলতি বছর খালেদা-হাসিনা দুজনেই জামিনে মুক্তি পান।
জরুরি অবস্থার পুরোটা সময় পুরো দেশের প্রতীক্ষা ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ২০০৭ এর ১৫ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সংসদ নির্বাচনের 'রোডম্যাপ' ঘোষণা করেন। ২০০৭ এর শেষভাগে এসে নির্বাচনী আইনের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করে কমিশন।
চলতি বছর ১৩ মে সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এরপর সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচনের প্রচারণার স্বার্থে চলতি বছর আগস্টে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য জরুরি অবস্থা শিথিল করে সরকার।
নির্বাচন কমিশন প্রথম বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম দফায় ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করলেও পরে তা পিছিয়ে ২৯ ডিসেম্বর নির্ধারণ করে। প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচনের আগেই জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। বিভিন্ন দাতা দেশ ও গোষ্ঠিও সরকারকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে আসছিল।
এ অবস্থায় সরকার গত ১০ ডিসেম্বর জানায়, ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/জেকে/এসকে/১১০৭ঘ.
bdnews24