২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রকে অবশ্যই কৃষকের পাশে দাঁড়াতে হবে : সিএস করিম

২০০৭ সালের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং এতে জয়ী হওয়ার কৃতিত্ব কৃষকদের দিয়ে কৃষি ভর্তুকি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা সিএস করিম। তিনি সোমবার বলেছেন, "কৃষকরা আমাদের জাতীয় বীর। রাষ্ট্রের অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। সর্বশক্তি দিয়ে তাদের সহায়তা দিয়ে যেতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং এতে জয়ী হওয়ার কৃতিত্ব কৃষকদের দিয়ে কৃষি ভর্তুকি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা সিএস করিম। তিনি সোমবার বলেছেন, "কৃষকরা আমাদের জাতীয় বীর। রাষ্ট্রের অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। সর্বশক্তি দিয়ে তাদের সহায়তা দিয়ে যেতে হবে।" রাজধানীর হোটেল শেরাটনে একটি অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা এ কথা বলেন। গত দুই বছরে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত ওই অনুষ্ঠানে কূটনীতিক, দাতা দেশ ও সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন। সিএস করিম বলেন, "এটা এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত কৃষিতে রাষ্ট্র যে বিনিয়োগ করছে, প্রাপ্ত ফল তার চেয়ে অনেক বেশি। তাই আমি জোর দিয়ে বলতে চাই, কৃষকদের সহায়তা করা ছাড়া কোনও বিকল্প নেই।" কৃষি উপদেষ্টার বিভিন্ন যুক্তি কার্যত কৃষি ভর্তুকি দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন মহলের মুখ বন্ধ করে দেওয়ারই মত ছিল। বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থাগুলো ৯০'র দশক থেকেই কৃষি ভর্তুকি কমানোর শর্ত আরোপ করে আসছে। কৃষি উপদেষ্টা এবারই প্রথম ভর্তুকির টাকা সরাসরি কৃষকদের হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এছাড়াও সরকারি ক্রয় পদ্ধতির মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হয়। সিএস করিম ২০০৭ সালের সঙ্কটের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে বলেন, "ওই বছর বিভিন্ন দেশে খাদ্য দাঙ্গা হয়েছিল। খাদ্যের জন্য বিভিন্ন দেশে লাইনে দাঁড়াতে হয় যা ক্রমেই দীর্ঘ হচ্ছিল। বাংলাদেশকেও দুটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছিল বন্যা; নভেম্বরে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর।" এ বছর বোরোর বাম্পার ফলনের লক্ষ্যে কৃষি উপদেষ্টা গ্রামকে গ্রাম ঘুরেছেন। কৃষকদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন; সমাধানের তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন। ওই সময় অনেকে তাকে বলেছিলেন, আরেকটি দুর্যোগ আসছে-বাম্পার ফলন স্বপ্নবিলাস ছাড়া কিছুই নয়। বোরোর বাম্পার ফলনে কৃষি উপদেষ্টার প্রত্যাশা এবং তা বাস্তবায়নের তৎপরতা 'অহেতুক' বলে মন্তব্য এসেছিল খোদ উপদেষ্টা পরিষদের এক সহকর্মীর মুখ থেকেই। ওই উপদেষ্টা বলেছিলেন, বাম্পার ফলনের কথা বললেও তা হবে না। এটা এ উঁচু প্রত্যাশা বরং আরও সমস্যা তৈরি করবে। কিন্তু সব কিছুর পর বেশ কয়েকটি নিয়ামকের সহায়তায় বোরোর ফলন বিগত সব বছরের রেকর্ড ছাড়িয়ে যায়। সিএস করিম বলেন, "এ ঘটনা সম্ভবত এটাই প্রমাণ করেছে যে, সব কালো মেঘের আড়ালেই থাকে রোদের ঝিলিক। অনেক সময় আশা আর সম্ভাবনা উঠে আসে গভীর সঙ্কটের মধ্য থেকেই।" উপদেষ্টা বলেন, স্পষ্টতই কৃষকরাই ছিল প্রকৃত নায়ক। এ প্রশংসার ব্যাখ্যাও দিলেন তিনি: " প্রথাগত অনমনীয়তা ছাড়াও তারা বাজারের গতিশীল বিকাশের সঙ্গে দক্ষতার সঙ্গে তাল মেলাতে পেরেছেন। সাড়া দিয়েছেন ব্যয় সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারেও।" গত বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ১৮ টাকা কেজি দরে ধান এবং ২৮ টাকা কেজি দরে চাল কেনে সরকার। কৃষি উপদেষ্টা বলেন, "এর ফলে উৎপাদিত ধানের মূল্য দাঁড়ায় ৪৫ হাজার কোটি টাকা। ধান বিক্রি করে কৃষকদের লাভ হয়েছে ১৮ হাজার কোটি টাকা; যে অর্থের প্রায় পুরোটাই গত দুই-তিন মাসে গ্রামীণ অর্থনীতিতে গেছে। দেশের অর্থনীতিতেও এর ভূমিকা অপরিসীম।" উপদেষ্টা সিএস করিম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেওয়া নানা পদক্ষেপ এবং তত্ত্বাবধায়ক সরকার গৃহীত বিভিন্ন নীতি এবং দীর্ঘ মেয়াদি কর্মসূচির কথা তুলে ধরেন। এর মধ্যে কৃষি খাতে গবেষণা ও উন্নয়নের জন্য নবগঠিত কৃষি গবেষণা ট্রাস্ট ফান্ডকে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া অনুদান দেওয়া হয়েছে নবগঠিত কৃষি গবেষণা ফাউন্ডেশনকেও। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও কৃষি সচিব এনায়েত উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/এমআই/এসকে/২০২১ঘ.