ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় প্রকৌশলীসহ ২২ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, "বিটিটিবির যানবাহন মেরামতের নামে ২০০০-২০০১ থেকে ২০০৬-২০০৭ অর্থ বছরে ভূয়া রশিদের মাধ্যমে প্রায় ৩২ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।"
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভাগীয় প্রকৌশলী রইচ-উর-রহমান, মোস্তফা হানিফ চৌধুরী, আব্দুল গণি, ননী গোপাল ঘোষ, ফকরুল হায়দার চৌধূরী, এ কে এম জাফর সাদেক, শেখ মো. শফিউল্লাহ, মো. আবুল কাশেম, মো. ছায়েদুল হক, মো. শাহজাহান মিয়া, মো. ফজলুল হক (১), মো. ফজলুল হক (২), আহসান আলী ও মো. ফারুকের বিরুদ্ধে পৃথক ৭টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
হানিফ ইকবাল জানান, একই সংস্থার আরেকটি অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা আইউব রেজা পাহলবী, আব্দুল লতিফ, আমির হোসেন, মো. মুজিবুর রহমান, মো. হাবিবুল্লাহ বাহার চৌধুরী, মো. ফজলুর রহমান, এ এস এম সিরাজুল ইসলাম ও মে. বদিউল আলমের বিরুদ্ধে পৃথক ৪ টি মামলা দায়েরেরও কমিশন অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, "প্রতিষ্ঠানের ২০০৪-২০০৫ থেকে ২০০৭-২০০৮ অর্থ বছরে যাতায়াত ভাতা বাবদ প্রায় ৮ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৯২৭ঘ.
bdnews24