২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরেন্দ্র নাথকে বহিষ্কারের সুপারিশ করবে নড়াইল জেলা বিএনপি

নড়াইল-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্র নাথ সাহাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নড়াইল জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

নড়াইল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্র নাথ সাহাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নড়াইল জেলা বিএনপি। শনিবার নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধীরেন্দ্র নাথ সাহা নড়াইল-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তাই দলের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপারিশটি কবে কেন্দ্রে পাঠানো হবে জানতে চাইলে অ্যাডভোকেট ইকবাল বলেন, "দ্রুত পাঠানো হবে।" এর ব্যাপারে ধীরেন্দ্র নাথ সাহা ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা বিএনপির বর্ধিত সভার সিদ্ধান্ত সম্পর্কে আমি কিছু জানি না। তবে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শোকজ (কারণ দর্শানো) ব্যতীত কাউকে বহিষ্কার করা যায় না।" কারণ দর্শানোর ব্যাপারে জেলা বিএনপির সভাপতি বলেন, "আমাদের সিদ্ধান্ত কেন্দ্রের পাঠাবো। কেন্দ্রীয় নেতারা বিষয়টি বিবেচনা করবেন।" ধীরেন্দ্র নাথ সাহা ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং শেখ হাসিনা সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে উপ-নির্বাচনে জয়লাভ করেন। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.