ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার কাছে নিজেদের দাবি-দাওয়াগুলো তুলে ধরার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি আনিসুল হক।
তিনি বলেছেন, নির্বাচনের আগে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এফবিসিসিআইয়ের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন হবে। তাতে দুই নেত্রীকে এনে তাদের কাছে ব্যবসায়ীদের দাবি-দাওয়াগুলো তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
আগামী ২৯ ডিসেম্বর দেশে নবম জাতীয় সংসদ নির্বাচন হবে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রিয়াজুল বাশারকে বলেন, "আগামী ২০ থেকে ২৫ তারিখের মধ্যে যে কোনও দুই দিন ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠানের কাজ আমরা শুরু করেছি। সেখানে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের সুপারিশগুলো তাদের (দুই নেত্রী) কাছে তুলে ধরতে চাই।"
সম্মেলনে দুই নেত্রীর যোগ দেওয়ার বিষয়ে আশাবাদী এফবিসিসিআই সভাপতি। তবে দু'জনকে একসঙ্গে বসানোর কোনও পরিকল্পনা নেই- এ কথা জানিয়ে তিনি বলেন, "আমরা দুই নেত্রীকে আলাদা আলাদাভাবে আনতে চাই। এ জন্য দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করছি।"
দুই নেত্রীর কাছে কী দাবি জানানো হবে- জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, "আমরা মূলত অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত নানা বিষয়ে আমাদের সুপারিশগুলো তুলে ধরব। এর মধ্যে থাকবে বন্দর, রাস্তা, বিদ্যুৎ ও গ্যাসসহ অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি। এ সংক্রান্ত ১৩৮ দফা সুপারিশ ইতোমধ্যে আমরা উপস্থাপন করেছি।"
গত ৬ ডিসেম্বর 'দেশের জিডিপি প্রবৃদ্ধি সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতের ভবিষ্যৎ প্রস্তাবনা'-শীর্ষক সেমিনারে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী নির্বাচিত সরকারের কাছে ১৩৮ দফা সুপারিশ তুলে ধরে এফবিসিসিআই।
ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে আওয়ামী লীগ সভানেত্রীর সম্মতি রয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, "আমরা শেখ হাসিনার সঙ্গে দেখা করে সম্মেলনে আসার প্রস্তাব দিয়েছি। তিনি নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, "বিএনপির কয়েকজন সিনিয়র নেতার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সম্মেলনে আসার ব্যাপারে খালেদা জিয়ার নীতিগত সম্মতি রয়েছে। এখন আমরা তার সঙ্গে দেখা করে আসার অনুরোধ জানাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/এসকে/১৮২৩ঘ.
bdnews24