২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনেও ট্রাকে ট্রাকে নামছে গরু

ঈদের আগের দিন সোমবারও রাজধানীর বিভিন্ন পশুর হাটে ট্রাকে ট্রাকে নামছে গরু। আগের দিনের তুলনায় সোমবার দুপুরের পর গরুর দাম কিছুটা বাড়তি দেখা গেছে। বিক্রেতারা 'বাটার দাম' (একদাম) চাওয়ায় কমেছে কেনাবেচা। সোমবার গাবতলী স্থায়ী পশুর হাট, আগারগাঁও কোরবানির পশুর হাটসহ রাজধানীর বিভিন্ন অস্থায়ী পশুর হাটের এই দৃশ্য ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের দিন সোমবারও রাজধানীর বিভিন্ন পশুর হাটে ট্রাকে ট্রাকে নামছে গরু। আগের দিনের তুলনায় সোমবার দুপুরের পর গরুর দাম কিছুটা বাড়তি দেখা গেছে। বিক্রেতারা 'বাটার দাম' (একদাম) চাওয়ায় কমেছে কেনাবেচা। সোমবার গাবতলী স্থায়ী পশুর হাট, আগারগাঁও কোরবানির পশুর হাটসহ রাজধানীর বিভিন্ন অস্থায়ী পশুর হাটের এই দৃশ্য ছিল। মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ভিড় নামে দুপুরের পর। যে গরু রোববার ৩০ হাজার টাকার মধ্যে ছিল সেটি সোমবার দুপুরের পর ৩৬ থেকে ৪০ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে বলে জানান একজন ক্রেতা। বেশীরভাগ ক্রেতা এ হাট থেকে ও হাটে ছুটছেন। এহসান নামের এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মাঝারি একটি গরু ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কিন্তু প্রায় একই পরিমাণ টাকা নিয়ে সোমবার দুপুরের পর তিনি বের হয়ে দেখেন একই ধরনের গরুর দাম ৪০ হাজার টাকা চাইছে বিক্রেতা এবং দাম চেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে আরেক ক্রেতার সঙ্গে কথা বলছে। ওদিকে গ্রাম থেকে আসা গৃহস্থেরা ১৫/২০টি গরু নিয়ে রাজধানীর বিভিন্ন হাটে আসার পর স্থানীয় কিছু দালাল তাদের কাছ থেকে 'লট' (একসঙ্গে) হিসাবে গরুগুলো কিনে নিচ্ছে বলে জানা গেছে। এই গুরুগুলো তারা বেশি দামে বিক্রি করছে। এই চক্রটি এখন রাজধানীর বিভিন্ন হাটে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সোমবার দুপুরের পর গাবতলী হাটে গিয়ে দেখা গেল সেখানে প্রচুর পশু উঠেছে; ক্রেতাও প্রচুর। ট্রাকে ট্রাকে নামছে গরু। তবে হাটের ভেতরে সহজে ঢোকার কোন সুযোগ নেই। বাড়ছে ক্রেতাদের চাপ। আর এই সুযোগ নিচ্ছে বিক্রেতারা। অবশ্য অনেক ক্রেতা মনে করছেন, সন্ধ্যার পর দাম পড়তে শুরু করবে। এ আশায় হাট থেকে ফিরে যাচ্ছেন অনেকে। বাবুল নামের এক ক্রেতা জানান, তারা সন্ধ্যার পর গরু কিনতে আসবেন। প্রয়োজনে গভীর রাত পর্যন্ত থাকবেন। ওদিকে রাজশাহীর তারা মিয়া নামের এক গরু বিক্রেতা ক্ষোভের সঙ্গে জানালেন, দামে না পোষালে বিক্রি করবেন না। প্রয়োজনে গরু নিয়ে ফিরে যাবেন। যদিও আবুল হাসান নামের এক গরু বেপারি বলেন, "না পোষালে কি করার আছে? ব্যবসায় লাভ ক্ষতি আছে। গরু নিয়ে ফেরত গেলে তার একটা খরচ আছে না?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/জিএমএ/এজে/জিএনএ/১৬৪২ ঘ.