২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঘিরে ২০ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন: মইন

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২০ ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২০ ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি বলেছেন, "জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সেনা মোতায়েন হবে। ২৪ তারিখ নয়, ২০ ডিসেম্বর থেকে সেনা সদস্যরা মাঠে থাকবে।" শনিবার চট্টগ্রামের ভাটিয়ারিতে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান একথা বলেন। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ২৪ ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন হবে। নির্বাচনী দায়িত্ব সেনাবাহিনী যথাযথভাবে পালন করবে জানিয়ে জেনারেল মইন বলেন, "আমাদের অ্যাকজাক্টলি যে দায়িত্ব দেওয়া হবে, আমরা তা যথাযথভাবে পালন করব। আমরা পোলিং স্টেশন থেকে ২০০ মিটার দূরে থেকে দায়িত্ব পালন করব।" তিনি বলেন, "কেন্দ্রে কোনও সন্ত্রাস যেন না হয়, তা আমরা দেখব। ভোটাররা যেন ভয়-ভীতি ছাড়া কেন্দ্রে আসতে পারে, তা আমরা নিশ্চিত করব।" জরুরি অবস্থা কবে প্রত্যাহার হবে- সাংবাদিকদের এ প্রশ্নে মইন উ আহমেদ বলেন, "একটু অপেক্ষা করুন; দেখুন কী হয়।" নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গত ২৯ নভেম্বর বলেছিলেন, নির্বাচনের সময় ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স (ভ্রাম্যমাণ বাহিনী) হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। কমিশন জানায়, প্রতিটি থানায় ২ থেকে ৪ প্লাটুন সেনা দল স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। নির্বাচনের দুদিন আগে ও দুইদিন পরে তারা নির্বাচনী এলাকাগুলোতে টহল দেবে। ভোটকেন্দ্রের ভেতরে কিংবা ভোটকক্ষে সেনাবাহিনী কোনও দায়িত্ব পালন করবে না বলে ইসি জানায়। ভোটকেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে পুলিশ। ২০০৭ সালের শুরুতে জরুরি অবস্থা জারির পরপরই সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক বছর ১০ মাস পর গত ৩ নভেম্বর সরকার মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের আদেশ দেয়। সরকারের পক্ষ থেকে তখন অবশ্য বলা হয়, নির্বাচনের সময় বরাবরের মতোই সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২০ ঘ.