২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সন্দেহে শাড়ি আটকের ঘটনায় মেহেরপুরে বিডিআর-জনতা তুলকালাম

মেহেরপুরের আমঝুপি বাজারের কয়েকটি বস্ত্রালয় থেকে শুক্রবার রাতে ভারতীয় সন্দেহে শাড়ি আটকের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও জনতার সঙ্গে বিডিআর সদস্যদের তুলকালাম ঘটে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

মেহেরপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের আমঝুপি বাজারের কয়েকটি বস্ত্রালয় থেকে শুক্রবার রাতে ভারতীয় সন্দেহে শাড়ি আটকের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও জনতার সঙ্গে বিডিআর সদস্যদের তুলকালাম ঘটে গেছে। এক পর্যায়ে জনতা সাত বিডিআর সদস্যকে আটকে রাখে। পরে জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রাত ১১টার দিকে বিডিআর সদস্যদের ছেড়ে দেওয়া হয়। ২৫ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুলতান সাংবাদকিদের বলেন, অভিযানটি সম্পর্কে তিনি জানতেন। তবে মালামাল গুলি প্রকৃতই ভারতীয় কিনা তা জানেন না। এক্ষেত্রে বিডিআর সদস্যদের কোন ত্র"টি আছে কিনা তা খতিয়ে দেখবেন। আমঝুপি বাজারের ঘটনার প্রত্যক্ষদর্শী আবু আবিদ, মইনুল হক ও আলফাজ জানান, রাত ৯টার দিকে একটি পিকআপ ভ্যানে (চুয়াডাঙ্গা ম ০২-০০৪) সাতজন বিডিআর সদস্য পাভেল ও আমঝুপি বস্ত্রালয়ে থেমে দোকানের শাড়ি জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে জনতা অবরোধ করে বিডিআর সদস্যদের ঘিরে ফেলে। তারা দাবি করেন, এ অবস্থায় বিডিআর সদস্যরা জনতার ওপর গুলি করে পালানোর চেষ্টা করলে জনতা রাস্তার উপর শুয়ে পড়ে। এতে পরিস্থিতির আরও অবনতি হলে বিক্ষুব্ধ জনতার হাতে হেনস্তা হয় বিডিআর সদস্যরা। তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা সেটা তারা জানাতে পারেননি। আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আলফাজ অভিযোগ করেন, বিডিআর দালালদের নিয়ে ব্যবসায়ীদের বৈধ মাল আত্মসাতের চেষ্টা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ২৫ ব্যাটেলিয়নের হাবিলদার নজরুল ইসলাম জানান, আটক শাড়ির গায়ে ভারতীয় লেখা ছিল না। তিনি বলেন, জব্দ তালিকা করার কিংবা দেওয়ার কোন নির্দেশ না থাকায় তিনি তা ব্যবসায়ীদের দেননি। হাবিলদার নজরুল গুলি করার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, বিডিআরের কাজে জনতা অবৈধ হস্তক্ষেপ করে তাদের হেনস্তা করেছে। তখন বিডিআর জনতাকে শান্ত করতে গুলি করার জন্য উদ্যত হয়। জব্দ তালিকার ব্যাপারে বিডিআর কর্মকর্তা লে. কর্নেল সুলতান বলেন, মালামাল আটকের পর জব্দ তালিকা না করা এবং তা না দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাভেল বস্ত্রালয়ের মালিক আজফারুল হক হিরু ও আমঝুপি বস্ত্রালয়ের মালিক ইসভির আহমেদ জানান, বিডিআর সদস্যরা তাদের দোকানে ঢুকে দামি দামি শাড়ি নামাতে বলেন। তাদের ইঙ্গিত মত শাড়ি নামিয়ে জড়ো করলে বিডিআর সেগুলো গাড়িতে তুলে নেয়। এসময় মুল্য পরিশোধের কথা বললে বিডিআর তাদের জানায়, শাড়িগুলো ভারতীয় তাই নিয়ে যাওয়া হচ্ছে। তখন ব্যবসায়ীরা শাড়িগুলোর বৈধ কাগজ পত্র দেখান। তারপরও বিডিআর ভারতীয় বলে শাড়িগুলো নিয়ে গাড়িতে উঠার চেষ্টা করে। এসময় বাজারের লোকজন জড়ো হয়ে যায়। ব্যবসায়ীরা আটক শাড়ির একটি জব্দ তালিকা নিতে চাইলে বিডিআর তা দিতেও অস্বীকৃতি জানায়। তখন লোকজন প্রতিবাদ করে উঠলে বিডিআর গুলি চালানোর হুমকি দেয়। প্রতিবাদে জনতা রাস্তায় শুয়ে পড়ে গাড়ি অবরোধসহ সাত বিডিআর সদস্যকে আটক করে। এ ঘটনায় রাত ১০ টার দিকে জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে বিডিআর সদস্যদের বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়। রাতেই আমঝুপি স্কুল মাঠে বিচার সভা বসে। বিচার সভায় জেলা প্রশাসক আমজাদ হোসেন খাঁন বলেন, "আমরা প্রতিপক্ষ নই, আমরা জনতার দাবিকে শ্রদ্ধা জানাতে এসেছি।" পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় জনগণ যেন কোন ধরনের হয়রানির স্বীকার না হয় তাই পুলিশ আপনাদের পাশে দাঁড়িয়েছে। বিচার সভায় ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী ও অভিযুক্ত বিডিআর সদস্যদের বক্তব্য শোনা হয়। এক পর্যায়ে বিডিআর ঘটনার জন্য দুঃখ প্রকাশসহ অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে আটক শাড়ি ব্যবসায়ীদের ফেরত দিলে জনতা শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৪ ঘ.