ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় কিছুটা পশ্চিম উত্তর-পশ্চিমে সরে এসে উপকূল থেকে দেড় হাজার কিমির কিছু বেশি দূরে অবস্থান করছিল।
নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার থেকে ১৫৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম এবং মংলা বন্দর থেকে ১৬২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটা আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে বলে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে জানানো হয়।
বুলেটিনে বলা হয়, নিম্নচাপের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ৪৮ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সমুদ্র মাঝারি ধরণের উত্তাল থাকবে।
চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানকারী সব মাছধরা নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/এসকে/২২৩৯ঘ.
bdnews24