ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এবং কর্পোরেট হাউসগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার তার কার্যালয়ে এস এস সি তে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচশ অতি দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
২০০৮ সালে এস এস সি তে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে প্রতিটি জেলা থেকে এসব শিক্ষার্থীদেরকে বাছাই করা হয়েছে। আগামী দুবছরের জন্য প্রত্যেককেই প্রতি মাসে ৫শ' টাকা করে প্রদান করা হবে।
ছয় বিভাগের ছয়জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দিয়ে প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরা যে ফলাফল করেছো এটা তোমাদের জীবনের সূচনা মাত্র। যেকোন অর্জন ধরে রাখা কঠিন। তোমরা ভালো ফল দেখিয়ে যে আশার সঞ্চার করেছ সেটা ধরে রাখতে হবে তোমাদের। এজন্য তোমাদের ইস্পাত কঠিন শপথ নিতে হবে। জীবন চলার পতে সব বাধা অতিক্রম করে সাফল্যের শীর্ষে পোঁছাতে হবে।"
তিনি বলেন, "তোমাদের মত এক ঝাঁক মেধাবীদের মধ্যে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। তোমরা সাধারণ কোন শিক্ষার্থী নও। প্রচলিত মূল্যায়নের মাপকাঠিতে তোমাদের মূল্যায়ন করা সম্ভব নয়। কারণ যে পরিবেশ ও প্রতিকূলতা অতিক্রম করে তোমরা অনন্য সাধারণ ফলাফল অর্জন করেছে তা পরিমাপ করা সত্যিই কঠিন। তোমাদের যে অদম্য ইচ্ছা এবং অধ্যাবসায় তার কাছে কোন কিছুই বাধা হিসেবে টিকতে পারেনা। তোমাদের এ চমৎকার ফলাফল তারই প্রমাণ দেয়।
"তোমরা যে ভালো ফলাফল করেছ তার জন্য তোমাদের অভিভাবক, শিক্ষক ও আমরা সবাই খুশী। তোমরা যা অর্জন করেছ এবং ভবিষ্যতে যা অর্জন করবে সেটা তোমাদের সন্তানদের বিলিয়ে দিবে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে এ মানসিকতা ছড়িয়ে দিতে হবে। তাহলে এ দেশকে কেউ রুখতে পারবেনা।"
প্রধান উপদেষ্টা বলেন, "আমি চাই ভবিষ্যতে তোমরা বিভিন্ন পেশায় ও নেতৃত্বে আসো এবং দেশ সেবায় আত্মনিয়োগ করো। তোমাদের সংকল্প হবে যে প্রতিকূলতা ও কষ্টের মধ্যে তোমাদের শৈশব অতিবাহিত হয়েছে বাংলাদেশের কোন শিশু কিশোরকে যেন তেমন জীবন যাপন করতে না হয়। তোমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে মানুষের মঙ্গলের জন্য কিছু করতে পারবে তোমরাই।"
অনুষ্ঠানের শুরুতেই তিন শিক্ষার্থী শিউলী আক্তার, মো: হাফিজুর রহমান এবং শুভ চন্দ্র বসাক তাদের অনুভূতি ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়ার চন্ডীদান উচ্চ বিদ্যালয়ের শিউলী আক্তার জানায়, তারা তিন বোন ও এক ভাই। বাবা মানসিক রোগী। মা অন্যের বাড়িতে কাজ করে। বসতভিটা ছাড়া কোন জমি নেই। দারিদ্র্যের কারণে বড় বোন পড়াশুনা করতে না পারলেও সে ও তার ছোট ভাই পড়ছে। দারিদ্র্য ও সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মায়ের উৎসাহ এবং চেষ্টায় সে পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে। বৃত্তির জন্য প্রধান উপদেষ্টাকে সে কৃতজ্ঞতা জানায়।
ভুরুঙ্গামারি ফাজিল মাদ্রাসার ছাত্র মো: হাফিজুর রহমান জানান, তার বাবা রিকশা চালক। বসতভিটাই একমাত্র সম্বল। কেরোসিন দিয়ে বাতি জ্বালানোর মতো অবস্থাও তাদের ছিলনা। কেবলমাত্র নিজের চেষ্টা ও মনোবলে এরকম ফলাফল করেছে সে।
ময়মনসিংহের শুভ চন্দ্র বসাকও তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এফএফ
bdnews24