২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে সতর্ক দৃষ্টি রাখতে বিডিআর-বিএসএফ ঐকমত্য

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশে সংসদ নির্বাচন সামনে রেখে দুদেশের সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ সতর্ক দৃষ্টি রাখার ব্যাপারে একমত হয়েছে বিডিআর ও বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

পঞ্চগড়, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশে সংসদ নির্বাচন সামনে রেখে দুদেশের সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ সতর্ক দৃষ্টি রাখার ব্যাপারে একমত হয়েছে বিডিআর ও বিএসএফ। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি সীমান্তের ৭১৩ মেইন পিলার সংলগ্ন সোনাপাতিলা উচ্চ বিদ্যালয়ে সীমান্তের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ রাইফেলস- বিডিআর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ ঐকমত্য হয়। বৈঠকে উপস্থিত থাকা ঠাকুরগাঁও ২২ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ কামাল সাংবাদিকদের জানান, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও টহল জোরদারের ব্যাপারে বিডিআর-বিএসএফ একমত হয়েছে। এছাড়া সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, নারী-শিশু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধেও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি ড. আর চন্দ্র মোহন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.