২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি, কক্সবাজারের ১৮ জেলেকে অপহরণ

পটুয়াখালীর মহিপুর উপকূলে সোমবার কক্সবাজারের প্রায় ২০টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা ট্রলারগুলোর আহরিত মাছ, জালসহ মালামাল নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

কক্সবাজার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর মহিপুর উপকূলে সোমবার কক্সবাজারের প্রায় ২০টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা ট্রলারগুলোর আহরিত মাছ, জালসহ মালামাল নিয়ে গেছে। একই সঙ্গে একটি ট্রলারসহ ১৮টি ট্রলারের ১৮ জন মাঝিকে ধরে নিয়ে গেছে। তাদের মুক্তির জন্য ডাকাতরা মাথাপিছু এক লাখ টাকা করে চেয়েছে। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন ডাকাতের কবলে পড়া ট্রলার এফবি জুলেখার মালিক মো. বারেক। তিনি জানান, ডাকাতরা প্রথমে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে এফবি নেজাম নামের ট্রলারে উঠে ট্রলারের মাঝি নবী হোসেন ও জেলেদের জিম্মি করে ফেলে। পরে ওই ট্রলার নিয়েই সব ক'টি ট্রলারে ডাকাতি করে মাছ, জাল ও ট্রলারের অন্যান্য মালামাল লুট করে নেয়। পরে ট্রলারের মাাঝি ও জেলেদের ধরে নিয়ে যায়। বারেক জানান, ডাকাতদলের হাতে আটক এফবি নেজামের মাঝি নবী হোসেন মঙ্গলবার রাতে মোবাইলে ফোনে (০১৮১৩০০৯৬০৪০) ট্রলার মালিক জয়নালকে বলেছেন- প্রত্যেক মাঝির জন্য এক লাখ টাকা করে দিলে তাদের ছেড়ে দেওয়া হবে। ডাকাতির শিকার অপর ট্রলারগুলো হল- মহেশখালীর কাইয়ুম সওদাগরের মালিকানাধীন এফবি কামরুল ইসলাম, কক্সবাজার শহরের উত্তর নুনিয়া ছড়ার মোহাম্মদ হোসেন বহদ্দারের এফবি হোসেন-১ ও হোসেন-২, খুরুস্কুলের নুরুল হুদা মাঝির এফবি কামরুল, উত্তর নুনিয়া ছড়ার শফিকুর রহমানের এফবি আশা, মহেশখালীর গোরকঘাটার মোস্তাক আহমদের এফবি আফনান, কুতুবজোমের সৈয়দ নূর বহদ্দারের এফবি আফসার-১ এবং এফবি আফসার-২ এবং ছোট মহেশখালীর জাগির হোসনের এফবি জান্নাতুল বকেয়া। ফিসারী ঘাট মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক জয়নাল আবেদীন জানান, কক্সবাজার ও মহেশখালী উপজেলার ২০টি মাছ ধরার ট্রলার ডাকাতির শিকার হয়েছে। উত্তর নুনিয়া ছড়ার মোহাম্মদ হোসেন বহদ্দার জানান, ডাকাতরা হুমকি দিয়েছে যদি থানা কিংবা পুলিশকে ডাকাতির কথা জানানো হয় তাহলে অপহৃত মাঝিকে হত্যা করা হবে। তাই তারা বিষয়টি থানায় জানাননি। তবে অপহৃতদের উদ্ধারে ডাকাত দলের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। অপহৃতদের মধ্যে আছেন- মোহাম্মদ, মনির ইসলাম, রশিদ মিয়া ও আবদুল গফুর। ফিরে আসা মাঝি ও জেলেরা মঙ্গলবার বৈঠক করে মৌখিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেছে। বুধবার সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে তারা জানিয়েছেন। এদিকে কক্সবাজার ফিসারী ঘাট মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের এক বিশেষ সভায় বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, লুটপাট ও জেলেদের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ফিসারী ঘাট মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, গভীর সমুদ্রে কোস্টগার্ড ও নৌ বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা বেড়েছে। তারা ২০টি ট্রলার ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং অপহৃত জেলেদের উদ্ধারের দাবি জানান। সভায় আরও বক্তব্য রাখেন- মেসার্স নুরানী ফিশিংয়ের ব্যবস্থাপক ইসলাম, দেশ ফিশিং এর আবুল কাশেম আবু, ফিশিং ট্রলার মালিক হাজী নজির আহমদ, মমতাজ সওদাগর, কাইয়ুম সওদাগর, ছালামত উল্লাহ ও মোহাম্মদ হোসেন। কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন জানান, ট্রলার ডাকাতির বিষয়ে তারা এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পটুয়াখালী প্রতিনিধি জানান, মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ট্রলার ডাকাতি ও জেলে অপহরণের বিষয়টি শুনেছে বলে জানিয়েছেন। মহিপুরের দুটি ট্রলারের জেলেরা তাকে এ বিষয়টি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.