বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে সোমবার রাতে একটি জীবিত ও সাতটি জবাই করা হরিণসহ ১২ জনকে আটক করেছে বনকর্মীরা।
আটককৃতদের কাছ থেকে দুটি জলযান ও ছয়শ' হরিণ ধরার ফাঁদও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পরে বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে ।
জীবিত হরিণটি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের সোহরাব হাওলাদার (৪৮), বাদল মিস্ত্রী (২৬), মোতালেব বিশ্বাস (৪৫), ফিরোজ হাওলাদার (২৫), আল আমিন ফরাজী (২৩), শাজাহান খান (৪৮), আলম বিশ্বাস (৫৫), কালা শিকদার (১৮), মহসীন (২০), ইলিয়াস হাওলাদার (২২) এবং বাগেরহাটের রামপাল উপজেলার বাছাড়খোলা গ্রামের মাসুদুর রহমান তালুকদার (৫২) ও মংলা উপজেলার বসুর খণ্ড গ্রামের রমানন্দ হালদার (৫৪)।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ জানান, শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের বাদামতলা এলাকা থেকে ১০ জনকে আটক করে বনকর্মীরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি হরিণের মাথা ও বস্তা বোঝাই মাংস, একটি জবাই করা আস্ত হরিণ, একটি ইঞ্জিনচালিত নৌকা ও ছয়শ' হরিণ ধরার ফাঁদ।
তিনি জানান, আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল।
এছাড়া চাঁদপাই রেঞ্জের পশুর নদীর কানাইঘাট এলাকা থেকে আটক করা হয় দুজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি জীবিত হরিণ, আশি কেজি হরিণের মাংস ও একটি নৌকা। এ দুজন কাঁকড়া ধরার পাস নিয়ে গত ১৯ নভেম্বর সুন্দরবনে প্রবেশ করেন বলে বন কর্মকর্তা শহীদুল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৭৪০ ঘ.
bdnews24