২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদালতে বোমা হামলার দায়ে চার জঙ্গির সাজা

চট্টগ্রাম আদালত ভবনে এক বিচারকের এজলাসে বোমা হামলার দায়ে চার জঙ্গিকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 07:54 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবনে এক বিচারকের এজলাসে বোমা হামলার দায়ে চার জঙ্গিকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে- জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) নেতা জাভেদ ইকবাল ওরফে মহম্মদ, আবদুল মালেক ওরফে লাল্টু, মো. শাহাদাৎ আলী এবং মিজান ওরফে বোমারু মিজান। রায়ের সময় মহম্মদসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এনিয়ে নয়টি মামলায় মহম্মদের ১৬৪ বছর সাজা হলো। মিজান পলাতক। ২০০৫ সালের ৩ অক্টোবর দুপুরে জঙ্গিরা বই ও জ্যামিতি বক্সে বোমা পুরে তা চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জেলা ও সহকারী দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসেনের এজলাসে ছুড়ে মারে। তবে বিস্ফোরণ না ঘটায় কেউ হতাহত হয়নি। ঘটনার দিন পুলিশ বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে জেএমবি কমান্ডার জাভেদ ইকবালকে আটটি মামলায় ১৬৪ বছর দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর আগে ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে দায়ের করা সাতটি মামলায় তার ১৪৪ বছর সাজা হয়। একটিতে খালাস পান তিনি।" আদালতে বোমা পাতার মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানি অভিযুক্ত থাকলেও অন্য মামলায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অ্যাডভোকেট কামরুল বলেন, "বিচারকের এজলাশে বোমা হামলার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শাহাদাৎ আলীকে বিস্ফোরক আইনের ৪ ধারায় এবং অপর তিনজনকে বিস্ফোরক আইনের ৪ ও ৬ ধারায় বিচারক দণ্ডাদেশ দিয়েছেন।" মামলার এজাহারে বলা হয়, জঙ্গিরা এজলাসে বোমা হামলার জন্য ঢুকতে চাইলে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল তাদের বাধা দেয়। ওই সময় তারা বইয়ে পুরে রাখা বোমা এজলাসে ছুড়ে মারে। বোমটি বিচারকের সামনের টেবিলের ওপর পড়ে গেলেও বিস্ফোরিত হয়নি। বোমা নিক্ষেপের সময়ই ঘটনাস্থল থেকে শাহাদাৎ আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছে জ্যামিতি বক্সের ভেতর রাখা অপর একটি বোমা উদ্ধার করে পুলিশ। ২০০৫ সালের ২ নভেম্বর এই মামলার অভিযোগপত্র এবং ২০০৬ সালের ৮ মে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত নয় জনের সাক্ষ্য নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৪৫ ঘ.