ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল অধ্যাদেশ ২০০৮ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সোমবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম একথা জানিয়ে বলেন, "এক্সপোর্ট প্রমোশন জোনের পাশাপাশি সরকার শিল্পায়ন, বাণিজ্যিক কার্যক্রম, সেবামুলক উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র হ্রাস করার লক্ষ্যে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল অধ্যাদেশ ২০০৮ প্রণয়ন করেছে।"
তিনি বলেন, সরকারি, বেসরকারি এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দেশি অথবা বিদেশি বিনিয়োগকারী কর্তৃপক্ষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। এক্ষেত্রে চারটি শ্রেণী থাকবে। এগুলো হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠান (দেশি-বিদেশি অথবা প্রবাসী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবে), সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান (অংশিদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ), সরকারি প্রতিষ্ঠান (সরকারি উদ্যোগ ও মালিকানায়) এবং বিশেষায়িত।
বৈঠকে ন্যায়পাল সংশোধন অধ্যাদেশ ২০০৮ এর খসড়া প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের ২২ জুন ন্যায়পাল অধ্যাদেশ ১৯৮০ সংশোধন করার জন্য এ প্রস্তাব দেওয়া হয়।
এছাড়া বৈঠকে আইন মন্ত্রণালয় থেকে ভোটার তালিকা সংশোধনী অধ্যাদেশ-২০০৮ নীতিগত অনুমোদনের প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাবে দ্বৈত নাগরিকত্বধারীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির বিষয়টি রয়েছে। প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে আবার উপস্থাপনের জন্য বলা হয়েছে।
বেপজা অ্যাক্ট-১৯৯০ কয়েকটি ধারা সংস্কার এবং নতুন কয়েকটি ধারা সংযোজনের প্রস্তাব অনুমোদনও দেওয়া হয়েছে বৈঠকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইবি/এডি/এমআরএফ/এসকে/২১১৪ঘ.
bdnews24