চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল ও ছাত্রশিবির মধ্যে সংঘর্ষ এবং ছাত্রাবাসে ভাঙচুরের পর সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের আবাসিক ছাত্রদের সোমবার রাত ৮টার মধ্যে এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ভর্তি হতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে বেলা আড়াইটার দিকে দুই ছাত্র সংগঠনের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়।
সন্ধ্যায় কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ ও হল বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সভা চালাকালীন সময়েই হলগুলোতে এ ব্যাপারে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
নোটিশে জানানো হয়, কলেজের সব ধরনের পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তবে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার কার্যক্রম যথারীতি চলবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (উত্তর) উপ কমিশনার বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ছাত্রাবাসের শতাধিক কক্ষ ভাঙচুরের পর কর্তৃপক্ষ কলেজ বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগের এই নির্দেশ দিয়েছে।"
ভর্তি হতে আসা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে দুপুরে শিবির কর্মী মাসুম ও ছাত্রদলকর্মী নাজমুলের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা ছাত্রাবাস পর্যন্ত গড়ায়। ছাত্রাবাসের ১৬৮টি কক্ষের মধ্যে একশরও বেশি কক্ষ ভাঙচুর হয়। আগুন দেওয়া হয় পাঁচটি কক্ষে।
সংঘর্ষ চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদলের কলেজ শাখার সহসভাপতি অভীক আহসান, ছাত্রদলকর্মী আজহার, নাজমুল, শান্ত, সুমন; ছাত্রশিবিরকর্মী রাশেদ ও মাসুম। ভর্তি হতে আসা দুই শিক্ষার্থী শরিফুল ও তারিকও আহত হয়েছেন।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির এ সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে।
ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, "শিবিরকর্মীরা দুপুরে বিনা উস্কানিতে ছাত্রদলকর্মী নাজমুলকে মারধর করে। বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও শিবিরকর্মীরা বহিরাগতদের নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল কর্মীদের কক্ষ ভাঙচুর করে।"
সংঘর্ষ চলাকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রুহুল আমিন রানা চট্টগ্রাম কলেজের সবুর ছাত্রাবাস থেকে লাঠি-সোঁটা নিয়ে শিবিরকর্মীদের মেডিকেল কলেজে ঢুকতে দেখেছেন।
তবে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শিবিরের কলেজ শাখার সভাপতি ইকবাল মাহমুদ।
তিনি সাংবাদিকদের বলেন, "ছাত্রদলই সংঘর্ষের সূত্রপাত ঘটায়। তারা আমাদের কর্মী মাসুমকে মারধর করে এবং পরে ছাত্রাবাসে হামলা চালায়। এরপর শিবিরকর্মীরা প্রতিরোধ করে।"
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশারও বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার কথা স্বীকার করেন। তবে তারা কোন সংগঠনের তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সংঘর্ষ শুরুর পর বিকাল সাড়ে ৩টা দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মেসবাহউদ্দিনের নেতৃত্বে আট প্লাটুন পুলিশ কলেজ ক্যাম্পাসে আসে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিকাল সাড়ে ৫টার দিকে।
বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার বিষয়ে সহকারী পুলিশ কমিশনার মেসবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক দল বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল। তবে পুলিশ তাদের হটিয়ে দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/জেকে/২১৫৫ ঘ.
bdnews24