২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন ডাকাত গ্রেপ্তার, ধামরাইয়ে ১০টি হাতবোমা উদ্ধার

সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধামরাই উপজেলা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

সাভার, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ধামরাই উপজেলা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে- বরিশালের গৌরনদী উপজেলার শিকিরপুর গ্রামের মোহাম্মদ রানা (১৮), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের শিশির (২২) এবং ফরিদপুরের শিবরামপুর গ্রামের মিঠুন শেখ (২০)। সাভার থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে ব্যাংক কলোনির ছাপড়া মসজিদের পাশের একটি বাড়ি থেকে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।" তাদের কাছ থেকে তিনটি ছুরি, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।" ধামরাই থেকে ১০টি বোমা উদ্ধার করে র‌্যাব-৪ এর সদস্যরা। ভোর ৫টার দিকে সোয়াপুর গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, "বোমাগুলো একটি খড়ের গাদায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বোমাগুলো লাল রঙের টেপ দিয়ে মোড়ানো।" তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৬০৭ ঘ.