বগুড়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানে জরুরি অবস্থার প্রয়োজন আছে বলে আবারও মত ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি বলেন, "জরুরি অবস্থা তুলে নিলে সন্ত্রাসীরা আবার মাঠে নামবে।"
রংপুর যাওয়ার পথে শনিবার দুপুর ১টার দিকে বগুড়া পর্যটন মোটেলে যাত্রাবিরতির পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এরশাদ এ কথা বলেন। এর আগেও বিভিন্ন সময় জরুরি অবস্থা বহাল রেখে নির্বাচনের অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন তিনি।
আবারও রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করে এরশাদ বলেন, "আমি রাষ্ট্রপতি হতে চাই। গত বছর ২২ জানুয়ারি বাতিল হয়ে যাওয়া নির্বাচনের আগে গঠিত মহাজোটের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছিল। এবারও আলাপ আলোচনা চলছে।"
এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলে এবং জোট ক্ষমতায় গেলে তার রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, "মহাজোটের সঙ্গে আলোচনা শেষ হলেই আমরা প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত নিব।"
রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৩টি আসনে রোববার তার মনোনয়নপত্র জমা দেবেন বলে এরশাদ জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা জি এম কাদের, মশিউর রহমান রাঙ্গা, দলের স্থানীয় নেতা শরিফুল ইসলাম জিন্না ও নূরুল ইসলাম ওমর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24