ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ এলাকায় গণকটুলি সিটি করপোরেশন কলোনিতে শুক্রবার সকালে আগুন লেগে অন্তত ১০০ ঘর পুড়ে গেছে। দমকল বলছে, এ ঘটনায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। (আরো তথ্যসহ)
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) শেখ মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং আশপাশের ঘরগুলোতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সোয়া ১১টার দিকে খবর পায় দমকল। পরে ১৪টি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
কোনো বাড়ির চুলা থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে দমকল কর্মীরা।
মো. শাহজালাল বলেন, "অধিকাংশ ঘর টিন ও কাঠের তৈরি ও খুব ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে। দমকলের একটি গাড়িও ভেতরে ঢুকতে পারেনি।"
সন্ধ্যায় দমকল সদর দপ্তর থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর সময় এবং তাড়হুড়ো করে জিনিসপত্র বের করতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. আলম বলেন, কলোনিতে গ্যাসের কোনও লাইন নেই। লাকড়ি, কেরোসিন, বা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না হয়। কলোনির বাসিন্দাদের অধিকাংশই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। অনেকে ভাড়াও থাকেন।
সিটি করপোরেশনের কর্মী মহিউদ্দীনের স্ত্রী নারগিস কাঁদতে কাঁদতে বলন, "আমার তো সব শ্যাষ হয়া গেলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩২৭ ঘ.
bdnews24