ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অর্থমন্ত্রী বিএনপি নেতা সাইফুর রহমানের ছোট ছেলে সফিউর রহমান বাবুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বুধবার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক জেসমিন আনোয়ার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
সফিউর রহমান পলাতক রয়েছেন। গত ৩ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক।
গত ২৯ এপ্রিল দুর্নীতি দমন দমন কমিশনের উপপরিচালক শারমিন ফেরদৌস রমনা থানায় মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, সফিউর রহমান বাবু এক কোটি ৩০ লাখ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। এছাড়া, তিনি দুদকে দাখিল করা হিসাব বিবরণীতে এক কোটি ২২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯১৩ঘ.
bdnews24