২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতা বিল্লাল হত্যা মামলার সব আসামি খালাস

শ্রমিক দল নেতা বিল্লাল হত্যা মামলায় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইসরাফিল আলমসহ ৩২ আসামিই বেকসুর খালাস পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক দল নেতা বিল্লাল হত্যা মামলায় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইসরাফিল আলমসহ ৩২ আসামিই বেকসুর খালাস পেয়েছেন। মামলা দায়েরের দীর্ঘ ১৬ বছর পর বুধবার ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। ১৯৯২ সালের ৯ জুলাই তিতাস গ্যাসের শ্রমিক দল ও শ্রমিক লীগের সংঘর্ষে প্রতিষ্ঠানের কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ের সাত তলা থেকে নিচে ফেলে বিল্লালকে হত্যা করা হয়। এ ব্যাপারে তিতাস গ্য্যাস বিক্রয় বিভাগের কর্মচারী এস এম জিল্লুর রহমান বাদি হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এতে তিতাস গ্যাসের তৎকালীন মিটার রিডার ইসরাফিল আলমসহ ৩৪ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্র দাখিলের পর ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর মামলাটিতে ৩৪ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠণ করা হয়। রায় ঘোষণার সময় ইসরাফিল আলম আদালতে উপস্থিত ছিলেন না। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, "মামলাটিতে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য পর্যালোচনায় একটা গোলমাল হয়েছে বুঝা গেলেও এটি খুন নাকি অন্য কিছু তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। কেন ঐখানে (সাত তলায়) সমাবেশ হওয়ার প্রস্তুতি ছিল সেটাও কেউ স্পষ্ট করে বলতে পারেনি।" আদালতের পেসকার খলিল আহমেদ জানান, এ মামলায় ৩৪ আসামীর মধ্যে মনিরুজ্জামানের অভিযোগ হাইকোর্ট খারিজ করে মামলায় তাকে অব্যাহতি দেয়। অভিযুক্ত আব্দুস সাত্তার বিচার চলাকালে মারা গেছে। এ মামলার বিচারের শুরু থেকে আসাদুল্লাহ ও ওমর ফারুক পলাতক রয়েছেন। তাদেরকেও খালাস দেন বিচারক। মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর সৈয়দ মিজানুর রহমানকে রায় ঘোষণার সময় খুঁজে পাওয়া যায়নি। রায় ঘোষণার সময় পাবলিক প্রসিকিউটরদের আদালতে উপস্থিত থাকার বিধান রয়েছে। ইস্রাফিল আলম, মৃত আব্দুস সাত্তার, মনিরুজ্জামান, আসাদুল্লাহ, ওমর ফারুক ছাড়া অপর খালাসপ্রাপ্তরা হলেন-আব্দুল হাই, আব্দুর রশীদ, রতন, ফারুক আহমেদ, মো.শাহানূর হোসাইন, নূরুল হক মোল্লা, এম এ হাকিম, আব্দুল হান্নান, আকতারুল ইসলাম, শফিউদ্দিন, লতিফ হোসাইন, সারওয়ার হায়দার, ফরিদ উদ্দিন, লওৎফর রহমান, কামরুল আসলাম, আব্দুর রহমান, জাকির হোসাইন খান, সেকেন্দার আলী, রাইসুলকবির, আসাদ আলীখন্দকার, শামসুল হক, শফিউদ্দিন, কাওসার ালিী, বশির উদ্দিন, মতিউর রহমান, আবুল কালাম ভূইয়া, জাকির হোসাইন, মোতালেব হাওলাদার, ফারুক হাসান জোয়ারদার। রায় ঘোষণার সময় বাদি বা নিহতের পরিবারের কোন সদস্য আদালতে হাজির ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসজেড/জিএনএ/১৫৫৫ ঘ.