ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক মিজানুর রহমান খানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আদালত অবমাননা রুলের জবাব দেওয়ার জন্য তাদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে মঙ্গলবার এই তিনজন হাজির হয়ে সময়ের ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত এ আদেশ দেন।
তাদের পক্ষে ড. কামাল হোসেন আবেদনের ওপর শুনানি করেন। তিনি আদালত অবমাননার রুলের জবাব দেওয়ার জন্য সময়ের আবেদন জানান।
শুনানিতে আদালত অবমাননার আবেদকারী ব্যারিস্টার মুন্সি আহসান করিম বলেন, এ আবেদনটি গুরুত্বপূর্ণ। তাই শুনানির সময় তাদের উপস্থিত থাকা দরকার।
আদালত এ সময় বলেন, তারা আদালতে নির্দেশে হাজির হয়েছেন। তাই আর তাদের হাজির হওয়ার দরকার নেই।
মতিউর রহমান, মাহফুজ আনাম ও মিজানুর রহমান খানের বিরুদ্ধেগত ১১ নভেম্বর আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমননার অভিযোগ আনা হবে না তা ১৮ নভেম্বর হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জানাতে বলা হয়েছিল।
গত ৯ নভেম্বর দৈনিক প্রথম আলো প্রত্রিকায় '৩১৫ মিনিটে ২৯৮ মামলায় আদেশ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি আদালত অবমাননাকর দাবি করে গত ১০ নভেম্বর প্রথম আলোর বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন ব্যারিস্টার মুন্সি আহসান করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২১৪৭ঘ.
bdnews24