ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বাজারের গুঁড়োদুধের মেলামিনের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ইউরোপের যে কোনও দেশে পরীক্ষার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
হাইকোর্ট গত ১০ নভেম্বর বাজারের সব ব্র্যান্ডের গুঁড়োদুধের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন ও বিএসটিআইর মাধ্যমে পরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দিতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রোববার আপিল বিভাগে আবেদন করে রেডকাউ ও নেসলে-র স্থানীয় এজেন্টরা। ওই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের এ আদেশ হয়।
সেমাবার শুনানিতে রেডকাউ ও নেসলের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন ও বিএসটিআই'র মাধ্যমে গুঁড়োদুধের পরীক্ষা করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে বিদেশ থেকে পরীক্ষা করা প্রয়োজন।
তারা আরও বলেন, হাইকোর্ট ২১ দিনের জন্য ৫টি ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। পরীক্ষার প্রতিবেদনগুলো না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়িয়ে নেওয়া প্রয়োজন। কারণ সুপ্রিম কোর্ট আগামী মাসে ছুটি হয়ে যাবে। এর মধ্যে প্রতিবেদন না এলে মেয়াদ বাড়ানো অসুবিধা হবে।
রিট আবেদনকারী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, "বিদেশে গুঁড়োদুধ পরীক্ষায় রিটকারী পক্ষের কোনও আপত্তি নেই। তবে সেই পরীক্ষা যেন ইউরোপের কোনও দেশে হয়।"
তিনি গুঁড়োদুধ বিক্রি ও প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মেয়াদ বাড়ানোর আবেদনের বিরোধিতা করে বলেন, "গুঁড়োদুুধে মেলামিন রয়েছে। মেলামিনযুক্ত গুঁড়োদুধ খেলে আমাদের ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই।"
সুপ্রিম কোর্টের আদেশের পর মনজিল মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ গুঁড়োদুধের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন ও বিএসটিআইর মাধ্যমে পরীক্ষা করে প্রতিবেদন আদালতে জমা দিতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন। তবে পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ইউরোপের যে কোনও দেশ থেকেও পরীক্ষার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এখন হাইকোর্ট দেশি ও বিদেশি প্রতিবেদন পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারবে।"
তিনি আরও বলেন, "হাইকোর্ট ২১ দিনের জন্য ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন এই ৫টি ব্রন্ডের গুঁড়োদুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। আপিল বিভাগ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তা বাড়িয়ে দিয়েছেন।"
হাইকোর্ট গত ১০ নভেম্বর বাজারের সব ব্র্যান্ডের গুঁড়োদুধের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন ও বিএসটিআইর মাধ্যমে পরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দিতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
চীনে উচ্চ মাত্রার মেলামিনযুক্ত গুঁড়ো দুধ পানে বিপুল সংখ্যক শিশু অসুস্থ হওয়ার পর বাংলাদেশেও গুঁড়ো দুধে মেলামিনের উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য দেশে কয়েকটি ব্রান্ডের গুঁড়ো দুধের পরীক্ষা হয়। বিভিন্ন পরীক্ষার ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় পরে সিঙ্গাপুরে পরীক্ষা করা হয়।
ওই সময় দেশে পরীক্ষায় উচ্চমাত্রার মেলামিন ধরা পড়া আটটি ব্রান্ডের গুঁড়োদুধ বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করার জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে।
তবে সিঙ্গাপুরের পরীক্ষায় ইয়াশলি-১, ইয়াশলি-২, সুইট বেবি-২ এ তিনটি ব্র্যান্ডের দুধে উচ্চ মাত্রার মেলামিনের উপস্থিতি ধরা পড়ে। তবে অপর পাঁচটি ব্রান্ড ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিনের দুধে মেলামিনের উপস্থিতি ধরা পড়েনি।
এরপর ১০ নভেম্বর হাইকোর্ট ২১ দিনের জন্য ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন এই ৫টি ব্রান্ডের গুঁড়োদুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে পুনরায় পরীক্ষার আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এমআই/এমআই/১৯০৬ ঘ.
bdnews24