২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে নির্বাচন না হলে কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে: সাখাওয়াত

ডিসেম্বরের মধ্যে দু'টি নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

পটুয়াখালী, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যে দু'টি নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে সম্ভাব্য প্রার্থী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্ধারিত তারিখ ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বরই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে জানিয়ে তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যে দু'টি নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ নির্বাচনের ব্যাপারে আদালতে হলফনামা দেওয়া আছে।" এবার ৫০ হাজার হজ্জযাত্রী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন থেকে প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে জানান তিনি। প্রার্থীদের দেয়াল লিখন, শোভাযাত্রা, শক্তি প্রদর্শন, আলোকসজ্জা ও মোটরসাইকেল মহড়া না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রত্যেক দলের সঙ্গে তিনবার সভা করে নির্বাচনী আচরণবিধি তৈরি করা হয়েছে। এ বিধি লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জামায়াতের কিছু নেতার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আদালত সিদ্ধান্ত দেবে। তবে কিছু কিছু সিদ্ধান্ত রাষ্ট্রকে নিতে হয় যা নির্বাচন কমিশনের নয়।" গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অুনষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, বরিশাল বিভাগীয় নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম। সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ খোলামেলা আলোচনা এবং নির্বাচন সম্বন্ধে কমিশনারকে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ, বিএনপি নেতা ও চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান শিপলু খান, অ্যাডভোকেট শামীম মিয়া, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মো. ওমর ফারুক, মলয় দত্ত, উপজেলা বিএনপি সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১৪৩ঘ.