২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন অরুন নন্দী

আর দেখা যাবে না তাকে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতে। দেখা যাবে না হকি ফেডারেশনের ওই ছোট্ট রুমে। লোকালয় থেকে চিরতরে হারিয়ে গেলেন ক্রীড়াঙ্গনের সবার প্রিয় এবং পরিচিত মুখ অরুন নন্দী। রোববার সকাল সাড়ে ৯টায় এই কীর্তিমান সাঁতারু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কলকাতায় বোনের বাসায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আর দেখা যাবে না তাকে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতে। দেখা যাবে না হকি ফেডারেশনের ওই ছোট্ট রুমে। লোকালয় থেকে চিরতরে হারিয়ে গেলেন ক্রীড়াঙ্গনের সবার প্রিয় এবং পরিচিত মুখ অরুন নন্দী। রোববার সকাল সাড়ে ৯টায় এই কীর্তিমান সাঁতারু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কলকাতায় বোনের বাসায়। সেই দুঃসংবাদ ঢাকায় এসে পৌঁছায় ১১ টার দিকে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন দুঃখভরা কন্ঠে জানিয়েছেন, "অরুন দা আর নেই। কলকাতায় আমার কথা হয়েছে। হঠাৎ করেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।" শরীরে সেরকম বড় কোনো রোগের বসতি ছিল বলে খবর নেই, তবে শ্বাসকষ্টের একটু ধাঁত ছিল। পানির সঙ্গেই জীবনের জড়াজড়ি বলে হয়তো এই রোগ। তারপরও ক্রীড়াঙ্গনে আক্ষেপ মাত্র ৬৭ বছর বয়সেই কেন তিনি চলে যাবেন? কেন নিজের জীবনী লেখার কাজটা মাঝপথে রেখেই চলে যাবেন। যে জীবনীর আলোকিত অংশটি হতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অরুন নন্দীর অবিরাম সাঁতার। বাংলাদেশের সপক্ষে মুক্তিযুদ্ধের প্রচার এবং তহবিল সংগ্রহের জন্য এই সাঁতারু ১৯৭১ সালে কলেজ স্কয়ারের পুকুরে সাঁতারে নামেন। ৮ অক্টোবর এই সাঁতার শুরু করে টানা ৯০ ঘন্টা ৫ মিনিট সাঁতার কেটে অবিরাম সাঁতারের নতুন বিশ্বরেকর্ড গড়েন। এর আগে রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের বিসি মুলের ৮৯ ঘন্টা ৩৬ মিনিটের। কলেজ স্কয়ারের এই সাঁতারই তাকে পাদ-প্রদীপের আলোয় নিয়ে আসে। স্বাধীন বাংলাদেশে ফেরার পর ১৯৭৪ সালে তুরাগ নদী থেকে সাঁতার শুরু করে ৭০ মাইল সাঁতার কেটে চাঁদপুরে নিজের বাড়িতে পৌঁছেন। এরকম আরো অনেক কীর্তি আছে তার। কখনো ঢাকা থেকে চাঁদপুর, কখনো-বা অবিরাম সাঁতার কেটে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙ্গেছেন। এরকম সাঁতারু সাধারণত দেখা যায় না। যারা প্রথাগত পদক জেতার সাঁতারে শামিল না হয়ে অন্যভাবে সাঁতারকে উপভোগ করেন। কিন্তু প্রত্যাশা করতেন এলাকার ছেলেমেয়েরা যেন প্রথাগত সাঁতারের দিকেই ঝুঁকে। তাই ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখার কথা জানিয়ে গেছেন বন্ধু চাঁদপুর কন্ঠের সম্পাদক শাহদাৎ হোসেনকে এবং বলে গেছেন সাঁতারের উন্নয়নে যেন তা খরচ হয়। ১৯৪১ সালের ২৬ নভেম্বর চাঁদপুরের বাগদী গ্রামে জন্ম নেয়া এই অকৃতদার সাঁতারু জীবনের শেষপর্যন্তও ভেবে গেছেন সাাঁতারুদের উন্নয়নের কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম লোককে পছন্দ করেনি সাঁতার ফেডারেশন। ফেডারেশনের সর্বশেষ নির্বাচনে তিনি সহ-সভাপতি পদে দাঁড়িয়ে নির্বাচনী কূটচালের কাছে পরাস্ত হয়েছেন। জীবিত লোকটিকে যোগ্য সম্মান দিতে না পারার গ্লানি থেকেই হয়তো ফেডারেশন সম্পাদক প্রয়াত অরুন নন্দীর মরদেহ কলকাতা থেকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। এই সাঁতারুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাঁতার ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩৫ঘ.