ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের দায়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (সাময়িক বরখাস্তকৃত) এটিএম নাজিম উল্লাহ চৌধুরীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ২১ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ধারনা করা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে পেশাদার কোনো কূটনীতিকের এধরনের সাজা পাওয়ার ঘটনা প্রথম।
রোববার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ জামান এ রায় দেন।
আসমি পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পনের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক)'র উপ পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ গত ১৪ মে নাজিম উল্লাহর বিরুদ্ধে সাভার থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আবু ধাবিতে রাষ্ট্রদূত থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবাহার করে ২০ লাখ ২২৯৯ টাকা আত্মসাৎ করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নাজিম রাষ্ট্রদূতের বাসভবন পরিবর্তন করে ৭২ হাজার দিরহাম, দুইজন ব্যক্তিগত কর্মচারীকে মালী হিসেবে নিয়োগ দেখিয়ে ৩৪,১৫০ দিরহাম, গ্যাস বিল বাবদ ৫০ দিরহাম ছাড়াও ছেলের বই ফটোকপি এবং নিজের বাসভবনের আসবাবপত্র ক্রয় বাবদ আরো প্রায় এক লাখ টাকা খরচ করেছেন।
রাষ্ট্রদূত থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24