মানিকগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি সঙ্কট এবং ঘাট স্থানান্তরজনিত সমস্যার কারণে পাটুরিয়ায় বৃহস্পতিবার রাত থেকে যানজট তীব্র হয়েছে।
আট শতাধিক পণ্যবাহী ট্রাক এখন পারাপারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস পারাপার হলেও যানজটের কারণে তাতেও দীর্ঘ সময় লাগছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা ও যমুনা নদীতে পানি কমে যাওয়ায় ঘাটগুলো বার বার স্থানান্তর করতে হচ্ছে। এছাড়া দুটি ফেরিও নষ্ট। ফলে পারাপারে সময় বেশি লাগছে।
শুক্রবার দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন দেখা যায়। টার্মিনালগুলোও ছিল পণ্যবাহী ট্রাকে ভরা। ট্রাকের সংখ্যা আটশ'রও বেশি বলে শ্রমিকরা জানায়।
যানবাহন শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে যানজট বেড়েছে। যানজটের কারণে ঘাটে আসার পরও পারাপারের জন্য এক-একটি গাড়িকে চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। পণ্যবাহী ট্রাকগুলোকে একদিন দাঁড়িয়ে থেকে পার হতে হচ্ছে।
ঢাকা থেকে বাগেরহাটগামী সৌখিন পরিবহণের চালক শাহ আলম রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে সকাল ১১টায় পাটুরিয়া ঘাটে আসি। দুপুর ২টা বেজে গেলেও পার হতে পারিনি।"
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, ঘাট সমস্যা ফেরি স্বল্পতার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, "সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে। একারণে যানজট তীব্র হয়ে উঠেছে।"
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আটটি ফেরি চলাচল করলেও দুটি নষ্ট থাকায় এখন ছয়টি ফেরি চলছে বলে বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানান।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুট ব্যবহার করে থাকে। পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলে এই রুটের এক প্রাপ্ত মানিকগঞ্জ ((পাটুরিয়া) জেলা এবং অপর প্রাপ্ত রাজবাড়ি (দৌলতদিয়া) জেলার অন্তর্গত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24